অর্ণব আইচ: ছিনতাইকারী হোক বা ইভটিজার, কাউকেই পরোয়া করেন না তাঁরা৷ আত্মরক্ষার উপায় তাঁরা জানেন৷ কোনও অন্যায় দেখলেই তাঁরা রুখেও দাঁড়াতে পারেন৷ রক্ষা করতে পারেন অন্য তরুণী ও কিশোরীদের৷ তাঁরাই কলকাতার ‘সুকন্যা’৷
আজ রেড রোডে স্বাধীনতা দিবসের প্যারেডে পা মেলাচ্ছেন কলকাতার ৫৩ জন ‘সুকন্যা’৷ ‘চক দে ইন্ডিয়া’র সঙ্গীতের সঙ্গে তাল মেলাবেন এই তরুণী ও কিশোরী ‘কিক বক্সার’রা৷ তিন মিনিটের কোরিওগ্রাফিতে তাঁরা দেখাবেন, বিপদে পড়লে কীভাবে নিজেদের রক্ষা করতে হয়৷ শহরের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রীদের নিয়েই শুরু হয়েছে কলকাতা পুলিশের প্রকল্প ‘সুকন্যা’৷ এই প্রকল্পের মাধ্যমে শহরের ছাত্রীদের আত্মরক্ষার শিক্ষা দেওয়া হয়৷ সেই কারণে ছাত্রীদের ক্যারাটে, কুংফু, তাইকোন্ড, কিক বক্সিংয়ের মতো ‘মার্শাল আর্ট’ শেখানো হয়৷ এর আগে শহরে বিভিন্ন শো-র মাধ্যমে ‘সুকন্যা’রা দেখিয়েছেন, কীভাবে আত্মরক্ষা করতে হয় ও অন্যদের বাঁচাতে হয়৷
লালবাজার সূত্রে জানা গিয়েছে, রেড রোডে স্বাধীনতা দিবস উপলক্ষে প্যারেড ও বিভিন্ন অনুষ্ঠানে ‘সুকন্যা’দের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন পুলিশকর্তারা৷ অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হয় কিশোরী ও তরুণী ‘কিক বক্সার’দের৷ প্রশিক্ষক মণ্টু দাস কোরিওগ্রাফি তৈরি করেন৷ মোট ৫৩ জন ‘কিক বক্সার’ এখানে দেখাবেন, হাত ও পা কীভাবে একজনের আত্মরক্ষার বড় অস্ত্র হয়ে উঠতে পারে৷ লালবাজারের এক কর্তা জানান, এই কোরিওগ্রাফি দেখার পর আরও অনেক কিশোরী, তরুণী ও যুবতী ‘মার্শাল আর্ট’ শিখতে এগিয়ে আসবেন৷
এদিকে, রেড রোডের প্যারেডে কলকাতা পুলিশের কুকরি নাচও একটি বড় ভূমিকা নেবে৷ উত্তরবঙ্গ, বিশেষ করে কলকাতা পুলিশের দার্জিলিংবাসী আধিকারিক ও পুলিশকর্মীরা যোগ দিচ্ছেন এই কুকরি নাচে৷ লালবাজারের এক কর্তা জানান, কুকরি মূলত গোর্খাদের অস্ত্র হলেও তা অনুষ্ঠানেরও একটি অঙ্গ৷ এই হিসাবেই কুকরি নিয়ে বিভিন্ন ধরনের নাচ প্রদর্শন করেন নেপাল ও উত্তরবঙ্গের বাসিন্দারা৷ কয়েক বছর আগে কলকাতা পুলিশের এক প্রাক্তন কর্তা এই নাচ প্রচলন করেন৷ এবারও রেড রোডে এই নাচ হবে বলে জানিয়েছে লালবাজার৷ পুলিশের বিভিন্ন বিভাগের প্যারেড ছাড়াও ‘আন্ডার সেভেনটিন’ বিশ্বকাপ নিয়েও একটি অনুষ্ঠান প্রদর্শিত হবে৷ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কাজও তুলে ধরা হবে প্যারেডে৷
সর্বশেষ খবর
-
সোনা বিক্রি করে ডলার কেন? আরবিআইয়ের পদক্ষেপ কতটা স্বাভাবিক ও প্রয়োজনীয়
-
মমতার পাশ থেকে সরলেন ‘শহিদ জননী’ ফিরোজাও! ‘ঘরের ছেলে’ শুভেন্দুর সঙ্গে থাকার বার্তা
-
বিরাটের পর রোহিত! আফগানিস্তান সিরিজ থেকে কার্যত ছিটকে গেলেন হিটম্যান, নেপথ্যে গম্ভীর?
-
আরও সুগম হবে লাদাখ! ফোটু লা পাসে তৈরি হচ্ছে নতুন সুড়ঙ্গ, ৮২৪ কোটি বরাদ্দ কেন্দ্রের
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য