স্টাফ রিপোর্টার: রিও ওলিম্পিকে দুর্দান্ত পারফরম্যান্সের পরও তাঁকে যোগ্য সম্মান দেয়নি ত্রিপুরা সরকার৷ সেখানকার বাম সরকারের বিরুদ্ধে এই অভিযোগ তুলে দীপা কর্মকারকে সংবর্ধনা দেওয়া হবে বলে ঘোষণা করল তৃণমূল কংগ্রেস৷ দীপার পরিবারের সঙ্গে দু’দফায় ইতিমধ্যে কথা হয়েছে দলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের৷ ৩ সেপ্টেম্বর তিনি ত্রিপুরা যাচ্ছেন৷ সেখানেই দীপার সঙ্গে কথা বলে তাঁকে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা হবে৷ বুধবার মুকুলবাবু জানিয়েছেন, “দীপারা দেশের হিরো৷ তাঁদের যোগ্য সম্মান দেওয়া উচিত৷ সেই সম্মান দীপা পাননি৷ তৃণমূল তাঁকে সেই সম্মান দেবে৷” জানা গিয়েছে, ওই কর্মসূচিতে ত্রিপুরার রাজ পরিবারের বধূ সাংসদ অভিনেত্রী মুনমুন সেন ও বাংলার ক্রীড়াজগতের অনেকেই থাকতে পারেন৷
বস্তুত, ২০১৮ সালের বিধানসভা ভোটকে সামনে রেখে ত্রিপুরায় নিজেদের সিপিএমের বিকল্প হিসাবে তুলে ধরতে চাইছে তৃণমূল৷ গত ৯ আগস্ট আগরতলায় গিয়ে বিশাল জনসভা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সময়েই দীপা ও তাঁর পরিবারকে উষ্ণ অভিনন্দন জানিয়েছিলেন মমতা৷ এবার দীপার প্রতি বাম সরকারের ‘বঞ্চনা’কে হাতিয়ার করে ত্রিপুরাবাসীর মন জয় করার কৌশল নিল তৃণমূল৷
রিও থেকে ফেরার পর বাম সরকার দীপাকে সে রাজ্যের স্পোর্টস কাউন্সিলের সহকারী ডিরেক্টরের পদ দেয়৷ আর তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দীকে দেওয়া হয় ডেপুটি ডিরেক্টরের পদ৷ তৃণমূলের অভিযোগ, দীপা জিমনাস্টিকে চতুর্থ হয়ে যে ইতিহাস তৈরি করেছেন, তার তুলনায় নিজের রাজ্য থেকে তিনি কিছুই পেলেন না৷
অন্যদিকে, বাংলার ধাঁচেই ত্রিপুরায় আন্দোলন শুরু করেছে তৃণমূল৷ মঙ্গলবার উত্তাল হয়ে উঠেছিল আগরতলা৷ তীব্র প্রতিক্রিয়া দিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বক্তব্য, বাংলার শাসক দল ত্রিপুরায় যাতে পা রাখতে না পারে, তার জন্যই সে রাজ্যে উত্তেজনা তৈরি করছে বাম সরকার৷ তৃণমূল তা হতে দেবে না৷
এদিকে খবর, আগামী সপ্তাহের মধ্যেই তৃণমূল জাতীয় দলের মর্যাদা পেতে চলেছে৷ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, জাতীয় নির্বাচন কমিশনের সচিব পর্যায়ের এক আধিকারিক দিন কয়েক আগেই এ সংক্রান্ত সবুজ সঙ্কেত দিয়ে দিয়েছেন৷ জাতীয় দলের মর্যাদা পাওয়ার ক্ষেত্রে কিছু আইনের বিষয় রয়েছে৷ যে দল জাতীয় দলের মর্যাদা পাওয়ার দাবি জানায়, লোকসভা বা বিধানসভা নির্বাচনে ৬ শতাংশ ভোট অথবা, অন্তত ৪টি রাজ্যে লোকসভায় তাদের আসন থাকতে হবে৷ অন্য শর্ত হল, তিনটি রাজ্য থেকে মোট লোকসভা আসন অর্থাৎ ৫৪২ আসনের মধ্যে তার ২ শতাংশ পেতে হবে ওই দলকে৷
যে কোনও একটি শর্ত পূরণ করলেই মিলবে জাতীয় দলের মর্যাদা৷ সেক্ষেত্রে এই মুহূর্তে বাংলা ছাড়া ত্রিপুরা, মণিপুর ও অরুণাচল প্রদেশে প্রতিনিধিত্ব রয়েছে তৃণমূলের৷
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার