সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরিতে ভারতীয় সেনা শিবিরে পাক জঙ্গি হামলায় ১৯ জন ভারতীয় সেনা শহিদ হন৷ রবিবার সেই হামলা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পেলেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ গোয়েন্দাদের দাবি, চার পাক জঙ্গি নিয়ন্ত্রণরেখা পেরোতে মই ব্যবহার করেছিল৷ অনুপ্রবেশ রুখতে সাধারণত নিয়ন্ত্রণরেখার কাঁটাতারে বিদ্যুৎ সংযোগ থাকে৷ জঙ্গিরা সেটা জেনেই বেশ উঁচু মই সঙ্গে এনেছিল বলে জানতে পেরেছেন গোয়েন্দারা৷
গোয়েন্দা সূত্রের খবর, কোন পথে জঙ্গিরা এসেছিল তা জানতে তদন্ত শুরু করা হয়েছিল৷ তদন্তে জানা গিয়েছে, সালামবাদ নাল্লাহের কাছে জঙ্গিরা মই ব্যবহার করেছিল৷ এক জঙ্গি নিয়ন্ত্রণরেখার কাঁটাতারের ফাঁক দিয়ে গলে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে৷ একটি মই সে কাঁটাতারের উপর হেলান দিয়ে দাঁড় করায়৷ বাকি ৩ জঙ্গি নিয়ন্ত্রণরেখার ওপারে আরেকটি মইয়ের সাহায্যে অস্থায়ী সেতুর মতো কাঠামো তৈরি করে৷ দু’টি মই জুড়ে তৈরি হয়ে যায় যাতায়াতের রাস্তা৷ কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে পেরেছেন, চার জঙ্গিই প্রচুর ভারী অস্ত্রশস্ত্র বহন করছিল৷ দেশের সীমান্তে ঢুকে পড়ার পর জঙ্গিরা মই দু’টি তাদের দুই গাইডের হাতে ফেরত পাঠিয়ে দেয়৷ ওই দুই গাইডের নাম মহম্মদ কবীর ও বাশারাত বলে জানিয়েছেন গোয়েন্দারা৷ ওই দুই গাইডই জঙ্গিদের পাকিস্তান থেকে ভারতে ঢোকায় সাহায্য করেছিল বলে খবর৷ হামলার আগে জঙ্গিরা উরির সেনা ছাউনি সম্পর্কে ‘রেইকি’ করেছিল৷ যার অর্থ, হামলার বেশ কয়েকদিন আগে থেকেই জঙ্গিরা ওই এলাকায় লুকিয়ে ছিল৷ স্থানীয় কোনও গ্রামবাসী জঙ্গিদের লুকিয়ে রেখেছিল কি না, জানতে চলছে তদন্ত৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১