সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভয়ংকর বিস্ফোরণে কেঁপে উঠল তুরস্ক৷ শুক্রবার সকালে সিজর প্রদেশে একটি পুলিশ সদর দফতরে গাড়িবোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা৷ নিহত হয়েছেন কমপক্ষে ১৫ জন৷ বেশিরভাগই পুলিশকর্মী৷ আহত ৭০-এর বেশি৷ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক৷ ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা৷ কোনও জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি৷ কিন্তু যেভাবে গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা দেখে মনে করা হচ্ছে আইএস জঙ্গিরা এর পিছনে থাকতে পারে৷ এই নিয়ে গত দেড় মাসে তুরস্কে চারটি বিস্ফোরণের ঘটনা ঘটল৷ তুরস্ক প্রশাসনের তরফে জানানো হয়েছে, জঙ্গি কার্যকলাপ যে কোনও মূল্যে বন্ধ করতে সরকার প্রস্তুত৷ সেজন্য সবরকম পদক্ষেপ করা হচ্ছে৷ বস্তুত আইএস জঙ্গি সংগঠনের বিরুদ্ধে তুরস্ক প্রশাসন যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে, তার জন্যই এই ধারাবাহিক হামলার ঘটনা বলে আশঙ্কা৷ কারণ দিনকয়েক আগেই ইসলামি জঙ্গি সংগঠন আইএস এক বার্তায় হুমকি দিয়েছিল, যে বা যারা আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে, সেইসব দেশকে ছেড়ে দেওয়া হবে না৷
এর আগেও আইএস-এর বিরুদ্ধে পদক্ষেপ করায় তুরস্কে হামলার ঘটনা ঘটেছে৷ তুরস্কই প্রথম দেশ যারা আইএস জঙ্গি সংগঠনের বিরুদ্ধে দমননীতি নিয়েছিল৷ এদিনের হামলায় কড়া নিন্দা করেছে আন্তর্জাতিক মহল৷ আমেরিকার তরফে এক বার্তায় বলা হয়েছে, বিশ্বজুড়ে যে জঙ্গি কার্যকলাপ ক্রমাগত বেড়ে চলেছে, তাতে সহ্য করা হবে না৷ তুরস্কের এই এলাকায় কুর্দ জনজাতি গোষ্ঠীর বসবাস৷ এর আগেও একাধিকবার এই জনজাতি গোষ্ঠীর উপর হামলার ঘটনা ঘটেছে৷
সর্বশেষ খবর
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, স্টুডিও পাড়ায় তোলাবাজির অভিযোগে ধৃত অরূপের ভাই
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন
-
৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত! ভিডিও দেখে হতবাক নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়