সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রাচীন ভারতীয় সভ্যতা। সুমহান সেই ঐতিহ্য। আর তারই নিশান বিভিন্ন সময় ভারতীয় কৃতীরা উড়িয়েছেন ভিনদেশের মাটিতে। কখনও রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী তো কখনও সুনীল গাভাসকর বা এ আর রহমান- অনেক কৃতী ভারতীয়ই গর্বের পতাকা উড়িয়েছেন ভিনদেশে। আর তাঁদের নামেই রাস্তা বা জায়গার নাম রেখে জানান হয়েছে সম্মান।
কোন কোন ভারতীয়র নামে নামাঙ্কিত হয়েছে বিদেশের স্থান?
নেদারল্যান্ডস, জার্মানি, ফ্রান্স, তুরস্ক, ইরান, কানাডা-সহ বিশ্বের বিভিন্ন দেশের রাস্তার নাম রাখা হয়েছে গান্ধীজির নামে। তিনি শুধু ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রাণপুরুষই নন, বিশ্ব মানবতারও প্রতীক। যে অহিংস ধর্মের পথ তিনি দেখিয়েছেন, তারই স্বীকৃতি যেন মিলেছে বিদেশের এই পথে পথে।

১৮৯৩ সালে শিকাগোয় গিয়ে বৈদিক ধর্মের কথা প্রচার করেছিলেন স্বামী বিবেকানন্দ। পরাধীন ভারতের সে এক বিশ্বজয়। শুধু তাই নয়, সুপ্রাচীন বৈদিক ধর্মকে যেভাবে তিনি দেশের সীমানা ছাড়িয়ে প্রতিষ্ঠা করেছিলেন তা আজও স্মরণীয়। ভিনদেশে ভারতীয় দর্শনের প্রতিষ্ঠাও সেই ভিত্তিভূমিতেই দাঁড়িয়ে। তাঁর নামে তাই রাস্তা নামাঙ্কিত হয়েছে শিকাগোতে।

১৯২১ থেকে ’৩০-এর মধ্যে বার তিনেক জার্মানি ভ্রমণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর গীতাঞ্জলী তো শুধু কবিতার বই হয়ে থাকেনি, হয়ে উঠেছে ভারতীয় উপনিষদের বার্তাবহ। বার্লিনে নোবেলজয়ী কবির নামে তাই রাখা হয়েছে একটি রাস্তা।

ভারতীয় সিনেমার কিবদন্তি রাজ কাপুর। কানাডার ব্রাম্পটন শহরের একটি রাস্তার নাম রাখা হয়েছে ‘রাজ কাপুর ক্রিসেন্ট’।

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাসকর বিশ্ব ক্রিকেটে এখনও এক স্মরণীয় নাম। নিউজিল্যান্ডের ওয়েলিংটন শহর তাই একটি রাস্তার নাম তাঁর নামে রেখে সম্মানিত করেছে এই ক্রিকেটারকে।

দেশের সংগীত যাঁর হাত ধরে পৌঁছেছে আন্তর্জাতিক আঙিনায়, সেই কিংবদন্তি এ আর রহমানের নামে একটি রাস্তার নাম রাখা হয়েছে কানাডায়।

এছাড়া সুইজারল্যান্ডে একটি লেকের নামকরণ করা হয়েছে কিংবদন্তি ভারতীয় পরিচালক যশ চোপড়ার নামে।
সর্বশেষ খবর
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে
-
রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে অশোক ভট্টাচার্য, কেমন আছেন বর্ষীয়ান সিপিএম নেতা?
-
উনিশেই সেরার শিরোপা, ইতিহাস গড়ে ফরাসি ওপেনের নতুন রানি মীরা আন্দ্রিভা