সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার কৃতিত্ব দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে এবার তিনি দাবি করলেন, দুই দেশের সংঘর্ষে ৭-৮টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল। বুধবার মিয়ামিতে একটি বাণিজ্য ফোরামের অনুষ্ঠানে অংশ নেন ট্রাম্প। সেখানে বলেন, বাণিজ্যে চুক্তি বাতিলের হুঁশিয়ারি দিয়েই দুই দেশকে যুদ্ধ থেকে নিরস্ত করেন তিনি। বলা বাহুল্য, নতুন করে মার্কিন প্রেসিডেন্ট ভারত-পাক যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করায় অস্বস্তিতে পড়ল নরেন্দ্র মোদি সরকার।
ডোনাল্ড ট্রাম্প যে নিজেকে বিশ্বশান্তির দূত হিসাবে প্রতিষ্ঠা করতে চান, তা গতকালের অনুষ্ঠানেও স্পষ্ট করেছেন। তিনি দাবি করেন, সম্প্রতিক অতীতে আটটি সংঘর্ষ থামিয়েছেন তিনি। এর বাইরে রয়েছে কসোভো-সার্বিয়া এবং কঙ্গো-রোয়ান্ডা সংঘর্ষ। বাণিজ্য ফোরামে ট্রাম্প বলেন, আমি ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তির মধ্যেই ছিলাম। তখনই একটি সংবাদপত্রের প্রথম পাতায় পড়ি এবং তারা যুদ্ধ করতে চলেছে। সাতটি বিমান গুলি করে নামানো হয় এবং অষ্টম বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়।”
এখানেই না থেমে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি তাদের (ভারত ও পাকিস্তানের রাষ্ট্রপ্রধান) বলি, আমি তোমাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করব না যদি না তোমরা শান্তিচুক্তি করো।” দু’টি দেশের যে পরমাণু শক্তি রয়েছে সে কথা মনে করিয়ে তিনি সংঘর্ষবিরতির প্রস্তাব দেন। ট্রাম্পের দাবি, পরদিনই সংঘর্ষবিরতি ঘোষণা করে দুই দেশ। তিনি বলেন, “আমি বলি ধন্যবাদ, চলো আমরা ব্যবসা করি।” ট্রাম্পের নতুন মন্তব্য নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি ভারত বা পাকিস্তান।
সর্বশেষ খবর
-
বিয়ের তিনমাস পরই স্ত্রীকে ‘খুন’! গ্রেপ্তার প্রাক্তন মোহনবাগান তারকা, রণক্ষেত্র বরানগর
-
‘সহজের কথাটা ভাবলি না?’ সুদীপ্তার পর মৌমিতাকে বিঁধলেন মানসী, ‘নিম্নরুচি’ খোঁচা জয়জিতের
-
হাসিনার প্রত্যর্পণ ঘিরে দিল্লি-ঢাকা চাপানউতর! বিতর্কের মাঝেই ইঙ্গিতপূর্ণ বার্তা জয়শংকরের
-
বাঘের পায়ের ছাপ চিনবে পড়ুয়ারা, বক্সায় ব্যাঘ্র আগমনের আগে নয়া উদ্যোগ বনদপ্তরের
-
খাতায়কলমে এগিয়ে মোহনবাগান, হাবাসে ভরসা ইস্টবেঙ্গলের! ডুরান্ড ফাইনালে এগিয়ে কারা?