মৃত্যুজল্পনা উড়িয়ে গোপন ডেরা থেকে নয়া বার্তা দিলেন ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)। একটি লিখিত বিবৃতিতে তিনি ধন্যবাদ জানিয়েছেন ইরাককে। তিনি বলেছেন, “আমেরিকা-ইজরায়েলের বিরুদ্ধে এই যুদ্ধে ইরানের পাশে থাকার জন্য ইরাকের জনগণকে ধন্যবাদ।”
গত ২৮ সেপ্টম্বর মার্কিন এবং ইজরায়েলি হামলায় মৃত্যু হয় পিতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। এরপর ইরানের নতুন সুপ্রিম লিডার করা হয় তাঁর পুত্র মোজতবাকে। কিন্তু এখনও পর্যন্ত তাঁকে একবারও প্রকাশ্যে দেখা যায়নি। তবে গোপন ঘাঁটি থেকে একাধিকবার বার্তা দিয়েছেন তিনি। এর মধ্যেই জল্পনা ছড়ায় হামলায় প্রাণ হারিয়েছেন মোজতবাও। তবে একাধিক প্রতিবেদনে আবার দাবি করা হয়, ইরানের নয়া সুপ্রিম লিডার বেঁচে আছেন। কিন্তু তিনি গুরুতর আহত।
আরও পড়ুন:
এই পরিস্থিতিতে রবিবার ফের একটি বার্তা দিয়েছেন মোজতবা। ইরানের সংবাদমাধ্যম সূত্রে খবর, লিখিত বিবৃতিতে তিনি লিখেছেন, ‘ইরানের বিরুদ্ধে লাগাতার আমেরিকা এবং ইজরায়েলের আগ্রাসনের মাঝেও তেহরানকে সমর্থন করে গিয়েছে ইরাক। এতে আমরা আপ্লুত। ইরাকের সর্বোচ্চ কর্তৃপক্ষকে ধন্যবাদ। এর পাশাপাশি আমরা আমাদের দেশের জনগণের প্রতিও কৃতজ্ঞ।’ তবে সাম্প্রতিক এই বার্তায় আমেরিকা বা ইজরায়েলকে নিয়ে মোজতবা মুখ খোলেননি।
এদিকে কুয়েতি সংবাদমাধ্যম আল-জারিদার সাম্প্রতিক একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, মোজতবা আহত। তিনি রাশিয়ায় চিকিৎসাধীন। প্রতিবেদনে বলা হয়েছে, মোজতবার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সম্প্রতি তিনি কথা বলেন। শুধু তা-ই নয়, মোজতাবাকে যাতে রাশিয়ায় এনে চিকিৎসা করানো হয়, তার জন্য নাকি ব্যাক্তিগতভাবে প্রস্তাবও দেন পুতিন। প্রতিবেদনে দাবি করা হয়েছে, রুশ যুদ্ধ বিমানে করে মস্কোতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ইরানের নয়া সুপ্রিম লিডারকে। তাৎপর্যপূর্ণভাবে রাশিয়া এই দাবিতে সিলমোহর না দিলেও তারা অস্বীকারও করেনি।
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার