সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৩ হাজার কোটি টাকার পিএনবি কেলেঙ্কারি (PNB Scam) কাণ্ডে অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদিকে (Nirav Modi) ভারতে প্রত্যর্পণের পথ আরও প্রশস্ত হল। গত নভেম্বরেই লন্ডন হাই কোর্ট তাঁকে ভারতে ফেরানোর নির্দেশ দিয়েছিল। এরপরই সুপ্রিম কোর্টে আবেদনের অনুমতি চেয়েছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার তাঁর সেই আরজিও খারিজ করে দিল হাই কোর্ট। ফলে পলাতক ব্যবসায়ীকে দেশে ফেরানোর সম্ভাবনা অনেকটাই জোরালো হল।
পিএনবি-সহ ভারতের একাধিক ব্যাংকে জালিয়াতির পর দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন নীরব মোদি। একইভাবে পালিয়ে গিয়েছিলেন তাঁর আত্মীয় মেহুল চোকসিও (Mehul Choksi)। এরপর ২০১৯ সালের ১৪ মার্চ লন্ডনের একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গিয়ে গ্রেপ্তার হন নীরব মোদি। তারপর থেকেই তাঁকে দেশে ফেরানোর ব্যাপারে সচেষ্ট হয় ভারত।
[আরও পড়ুন: ‘মদ খেলে মরবেই’, বিহারে বিষমদ কাণ্ডে ‘ক্ষতিপূরণে’র সম্ভাবনা উড়িয়ে মন্তব্য নীতীশের]
এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতেই নীরবকে দেশে ফেরানোর ব্যাপারে সায় দিয়েছিল লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্ট। বিচারক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন, ভারতীয় বিচারব্যবস্থার মুখোমুখি হতে হবে আর্থিক দুর্নীতিতে জড়িত ওই ব্যবসায়ীকে। তারপরই কোটি কোটি টাকার ঋণখেলাপিতে অভিযুক্ত এই অলঙ্কার ব্যবসায়ীকে প্রত্যর্পণের ব্যাপারে আশা দেখছিল ভারত। কিন্তু নীরবের কৌশলী চাল সেই আশায় কার্যত জল ঢেলে দিয়েছিল। তিনি জানিয়েছিলেন, তাঁর মানসিক স্বাস্থ্য ভাল নয়। তাঁর দাবি ছিল, ভারতে ফিরলে তিনি উপযুক্ত বিচার পাবেন না। আর ভারতে জেলের যা মান, সেখানে তাঁর পক্ষে থাকা সম্ভব নয়। এই যুক্তিতে প্রত্যর্পণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানান তিনি।
কিন্তু সেই যুক্তি খারিজ হয়ে গিয়েছিল নভেম্বরেই। এবার খারিজ হল সুপ্রিম কোর্টে আবেদনের অনুমতির আরজি। লন্ডন হাই কোর্টের (London High Court) এই সিদ্ধান্তে ভারতীয় এজেন্সিগুলি স্বস্তি পেল। দীর্ঘদিন বাদে নীরবকে দেশে ফেরানোর ক্ষেত্রে আর কোনও আইনি বাধাই কার্যত রইল না।
[আরও পড়ুন: দিল্লির জঙ্গলে উদ্ধার দেহাংশ কি শ্রদ্ধারই? চাঞ্চল্যকর ডিএনএ রিপোর্ট পুলিশের হাতে]
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর