সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:
‘কেউ হতে চায় ডাক্তার/ কেউ বা ইঞ্জিনিয়ার/ কেউ হতে চায় ব্যবসায়ী/ কেউ বা ব্যারিস্টার …… আমি ভবঘুরেই হব/ এটাই আমার অ্যাম্বিশন৷ ’
নচিকেতার এই গানটা ইংল্যান্ডের থমাস থোয়েট শুনেছিলেন কিনা জানা নেই৷ কিন্তু গানটির নির্যাস মেনে নিজের ইচ্ছেমতো যেভাবে জীবন কাটানোর পদ্ধতি বেছেছেন থমাস তাতে চোখ কপালে উঠলেও সত্যিই কুর্নিশ জানাতে হয়৷
ব্যাপারটা কী, একটু খোলসা করেই বলা যাক৷ আর পাঁচজন ব্রিটিশ যুবকের থেকে কোনই পার্থক্য নেই থমাসের৷ আপাতদৃষ্টিতে ভালই চলছিল তাঁর দিনগুজরান৷ অস্থায়ী কর্মী হিসেবে অনেক সংস্থায় চলছিল তাঁর কর্মকাণ্ড৷ কিন্তু মানসিক তৃপ্তি কিছুতেই পাচ্ছিলেন না থমাস৷ একদিন বন্ধুর কুকুরের সঙ্গে খেলা করতে করতেই মাথায় খেলে যায় দুষ্টুবুদ্ধি৷ কুকুরটিকে দেখে থমাস ভাবেন কী ভালই না আছে চারপেয়ে প্রাণীটি৷ খাচ্ছে, ঘুমোচ্ছে, পড়াশোনা নেই, নেই চাকরির চাপ, রোজগারের চিন্তাও নেই, কিছুই চিন্তা নেই পোষা কুকুরটির৷ কুকুরটিকে দেখে এক অদ্ভুত ভাবনা গ্রাস করে থমাসকে৷ তাঁরও ইচ্ছা হয় আর মানুষের মতো নয় বরং চারপেয়ে কোন প্রাণীর মতোই আরামের জীবন কাটাবেন৷ যেমন ভাবা তেমন কাজ৷ একদিন সটাং সুইৎজারল্যান্ডের আল্পসে হাজির হলেন থমাস৷ আল্পসের কোলে ঘাসে ঢাকা জমিতে তখন চড়ে বেরাচ্ছিল পাহাড়ি ছাগলের দল৷ ছাগলদের দেখে তাদের দলেই ভিড়ে যান থমাস৷ ছাগলরাও সানন্দে আপন করে নেয় থমাসকে৷ দু’পক্ষের বন্ধুত্ব অচিরেই এতটাই মজবুত হয়ে ওঠে যে ছাগলদের সঙ্গে মাঠে ঘাটেই কাটান থমাস৷ কিন্তু চাইলেই তো আর ছাগল হওয়া যায় না৷ তাই ভালভাবে মানুষ থেকে যাতে ছাগল হয়ে উঠতে পারেন তার জন্য ব্রিটেনের স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা থমাসকে একটি ছাগলের কাঠামো বানিয়ে দেন৷ সেটা পরেই মাঠে ঘাটে এখন চড়ে বেড়ান থমাস৷ এমনকী ছাগলবন্ধুদের দেখাদেখি কচি কচি ঘাসও চিবিয়ে খান থমাস! এক চারপেয়ের সঙ্গে তো একটু বেশিই ঘনিষ্ঠতা হয়ে গিয়েছে৷ মুচকি হেসে থমাস জানান, এক ছাগল বান্ধবী আমায় খুবই ভালবাসে৷ সবসময় সে আমার পিছু পিছু ঘুরে বেড়ায়৷
সর্বশেষ খবর
-
আকাশছোঁয়া দাম, তবু বিনামূল্যে টিকিট কাটলেন ফুটবলপ্রেমীরা! ফিফার ভূমিকায় তুঙ্গে বিতর্ক
-
প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা-বালিশ, ড্রয়ারে ভর্তি কন্ডোম! শোরগোল পাণ্ডবেশ্বরে
-
বিশ্বকাপে ডাক পেয়েও খেলতে নারাজ ফরাসি তারকা! কারণ জানলে স্যালুট করবেন
-
সন্দীপনের বাড়িতে জনরোষে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে নিশানা ঋতব্রতের, মৃদুস্বরে তোপ বিজেপিকে
-
রুখতে পারলেন না অমিত শাহও! তামিলনাড়ুর ‘পোস্টার বয়ে’র সঙ্গে বিচ্ছেদে সিলমোহর বিজেপির