সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাঁতার শিখতে গিয়ে সুইমিং পুলে ডুবে মৃত্যু হল এক ছাত্রীর৷ মৃত ছাত্রীর নাম সঙ্গীতা দাস (২২)৷ মর্মান্তিক ঘটনা ঘটেছে মঙ্গলবার সকালে হেদুয়ার একটি সুইমিং পুলে৷
পরিবার সূত্রে খবর, আজাদ হিন্দ বাগ মহিলা সমিতির তত্ত্বাবধানে হেদুয়া পার্কের ওই সুইমিং পুলে সাঁতার শিখতে যেত বছর বাইশের তরুণী সঙ্গীতা৷ গিরিশ পার্ক থানা এলাকার রামতনু বোস লেনের বাসিন্দা সঙ্গীতা সপ্তাহ দুয়েক ধরে ওই পুলে সাঁতার শিখতে যেত৷ সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমএসসি-র ছাত্রী ছিল বলে জানা গিয়েছে৷ এদিনও অন্যদিনের মতো সাঁতার শিখতে গিয়েছিল সে৷ এদিন সকালে পুলে সাঁতার কাটতে নামা অন্য শিক্ষার্থীরা উঠে এলেও জল থেকে ওঠেনি সঙ্গীতা৷ সাঁতার শিখতে গিয়ে পুলে তলিয়ে যায় সে৷ সকাল সাড়ে ৬টা নাগাদ পুলের নিচ থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ওই ছাত্রীকে৷ ক্লাবের সংগঠকরা এবং সঙ্গীতার সঙ্গে আসা এক মহিলাই জল থেকে টেনে তোলে ওই ছাত্রীকে৷ কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন৷ সঙ্গীতার পরিবারের অভিযোগ, প্রশিক্ষক না থাকার কারণেই ডুবে মৃত্যু হয়েছে ওই ছাত্রীর৷ পরিবারের আরও অভিযোগ, ঘটনার পর ক্লাবে তালা ঝুলিয়ে চম্পট দিয়েছে ওই প্রশিক্ষণ কেন্দ্রের কর্তারা৷ তদন্ত শুরু করেছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার