Digha

দুর্যোগপূর্ণ আবহাওয়া, সপ্তাহান্তে দিঘায় সমুদ্রস্নানে না প্রশাসনের, চলছে মাইকিং

প্রশাসনের দাবি, পর্যটকদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে।

রঞ্জন মহাপাত্র
রঞ্জন মহাপাত্র

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ১৬:৩২

options
link
দুর্যোগপূর্ণ আবহাওয়া, সপ্তাহান্তে দিঘায় সমুদ্রস্নানে না প্রশাসনের, চলছে মাইকিং
ফাইল ছবি।

সপ্তাহান্তের ছুটিতে দিঘায় সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। চলছে মাইকিং। দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে ভারী বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। সেই কারণেই দিঘা-সহ পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকায় এবার কড়া সতর্কতা জারি করেছে প্রশাসন। ১২ জুলাই পর্যন্ত দিঘায় পর্যটকদের সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের উপরও। ফলে এবার আজ শনি ও রবিবার দিঘায় বেড়াতে এলেও কেউ সমুদ্রে নামতে পারবেন না।

Advertisement

ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায়। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

প্রশাসনের দাবি, পর্যটকদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। পর্যটকদের সতর্ক করে সকাল থেকেই দিঘা, শংকরপুর, মন্দারমণি-সহ সমুদ্র সৈকতে মাইকিং করা হয়। উত্তাল সমুদ্রে নামতে নিষেধ করা হয়। বিকেলে রামনগর বিধানসভার বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল দিঘা সমুদ্র সৈকত পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকরাও। তাঁরা দুর্যোগপূর্ণ সমুদ্র সৈকতের পরিস্থিতি খতিয়ে দেখেন। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়। সমুদ্র সৈকতে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।

Advertisement

প্রশাসনের দাবি, বিভিন্ন জায়গায় জলোচ্ছ্বাসের পরিস্থিতি তৈরি হয়েছে। সমুদ্রে ঢেউও অনেক বেশি উঁচু হচ্ছে। স্রোতও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। তাই কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। দিঘা, মন্দারমণি, শংকরপুর-সহ উপকূল এলাকার বাসিন্দা, পর্যটক ও মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। সরকারি নির্দেশ মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

Advertisement

এদিকে আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, অসমে জোড়া ঘূর্ণাবর্ত। বাংলাদেশেও ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখা সক্রিয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। রাজস্থান থেকে মৌসুমী অক্ষরেখা বাংলার উপর দিয়ে উত্তর-পূর্ব ভারতের মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার ফলে দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে মূলত আংশিক মেঘলা আকাশ। আজ, শনিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায়। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বলে পূর্বাভাস। এমনকী কয়েকটি জায়গায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়াও। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.