ঘরে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে মৃত বৃদ্ধ

মেমারিতে শোকের ছায়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৫, ২০১৯, ১৯:১৩

options
link
ঘরে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে মৃত বৃদ্ধ

সৌরভ মাজি, বর্ধমান: সেরিব্রাল স্ট্রোক আক্রান্ত হয়েছিলেন। বছর তিনেক ধরে চলাফেরার শক্তি হারিয়ে বিছানাতেই পড়ে থাকতেন। ঘরে আগুন লাগলেও প্রাণ বাঁচাতে পারলেন না। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধর। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারির মায়েরকোল পাড়ায়। মৃতের নাম সোমেশ্বর শু (৭২)। মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসে। খবর পেয়ে পুলিশ গিয়ে আধপোড়া দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘরে তিনি একাই থাকতেন। অকৃতদার সোমেশ্বরবাবুর দেখভাল করতেন তাঁর দাদা ও ভাইপো। তাঁরা পাশের ঘরে থাকতেন। কিন্তু অগ্নিকাণ্ডের বিষয়টি তাঁরাও রাতে টের পাননি। এদিন সকালে ঘুম থেকে ওঠার পর তাঁরা বিষয়টি জানতে পারেন।

Advertisement

তবে কী থেকে এইভাবে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। বিদ্যুতের লাইনের শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করছেন তদন্তকারীরা। পাশাপাশি, সোমশ্বরবাবুর বিড়ি খাওয়ার নেশা ছিল। রাতে কোনওভাবে বিড়ির আগুন থেকে তা বিছানা লেগে গিয়ে থাকতে পারে বলে মনে করছেন তাঁরা। চলাফেরার শক্তি না থাকায় সোমেশ্বরবাবু আগুনের করাল গ্রাস থেকে নিজেকে বাঁচাতে পারেননি। তবে ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইটের দেওয়াল ও টালির চালার এক কুঠরি ঘরে থাকতেন সোমেশ্বরবাবু। এদিন সকালে গিয়ে দেখা যায় ঘরের ভিতরের সবকিছুই ভস্মীভূত হয়েছে। তবে বাইরের অংশে সেভাবে ক্ষতি হয়নি। মৃতের দাদা কমলাকান্ত শু জানান, বছর তিনেক আগে সেরিব্রাল স্ট্রোক হওয়ায় তাঁর ভাই ঠিকভাবে চলাফেরা করতে পারতেন না। কথাও বলতে পারতেন ঠিকভাবে। ভাইপো সোনা শু বলেন, “কাকার বিড়ি খাওয়ার নেশা ছিল। বিড়ি থেকেই আগুন লেগেছে বলে মনে হচ্ছে।” তাঁরা জানান, কাকার শারীরিকভাবে অক্ষম হওয়ায় এত বড় বিপদ ঘটে গিয়েছে। আগুন লাগলেও ঘর থেকে বেরিয়ে আসতে পারেননি। এদিন সকালে ঘুম থেকে ওঠার পর আগুন লাগার বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি আগুন নেভান তাঁরা। কিন্তু ততক্ষণে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে সোমেশ্বরবাবুর।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.