দুর্ঘটনায় মৃত দলনেতা, রাতে গ্রামে ফিরে ‘শোকসভা’ ৪০ হাতির

একসঙ্গে দুই দলনেতার মৃত্যুর শোক ভুলতে পারল না হাতির দল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৪, ২০১৯, ১১:০৩

options
link
দুর্ঘটনায় মৃত দলনেতা, রাতে গ্রামে ফিরে ‘শোকসভা’ ৪০ হাতির

সম্যক খান, মেদিনীপুর: একসঙ্গে দুই দলনেতার মৃত্যুর শোক ভুলতে পারল না হাতির দল। স্বজন হারানোর শোক পালন করতে তারা ফের ফিরে এল ঘটনাস্থলে। উঠল ক্রন্দনরোলও। যেন কোনও এক নিকটাত্মীয়কে হারিয়ে তাকে খুঁজে পাওয়ার ব্যাকুল আর্তনাদ।

Advertisement

শনিবার রাত আটটা নাগাদ হাতির দলের ক্রন্দনরোল শুনে চমকে উঠলেন সকলেই। মন খারাপ গ্রামবাসী থেকে শুরু করে বনদপ্তরের কর্মী আধিকারিকদেরও। মাত্র ২৪ ঘন্টা আগেই শুক্রবার ভোরে মেদিনীপুর সদর ব্লকের নেপুরাতে ঝুলে থাকা হাইটেনশন তারে বৈদ্যুতিক শক লেগে দুই দাঁতাল হাতির মৃত্যু ঘটেছে। হাতির দলটি আলুখেত থেকে রাস্তা পেরিয়ে জঙ্গলের দিকে যাওয়ার পথেই ওই দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতেই দুই দাঁতালের মৃত্যু ঘটেছে বলেই মনে করছেন গ্রামবাসীরা। বনদপ্তরের পক্ষ থেকেও বিদ্যুৎ দপ্তরকে পুরো ঘটনাটি জানানো হয়েছে। বিভাগীয় আধিকারিকদের কাছে পুরো ঘটনার বিস্তারিত রিপোর্টও চেয়েছেন জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শৈবাল গিরি। ঝুলে থাকা ওই হাইটেনশন লাইনের তার কেন কর্মীদের নজর এড়িয়ে গেল তা নিয়েও প্রশ্ন উঠেছে। গ্রামবাসীদের অভিযোগ ঝুলে থাকা তারের কথা বারবার বিদ্যুৎ দপ্তরকে জানানো হলেও তাতে কেউ কর্ণপাত করেনি। তাই বিদ্যুৎ দপ্তরকেই কাঠগড়ায় তুলেছেন সকলে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দুই দাঁতালের মৃত্যুর জন্য কে দায়ী তা তদন্তের বিষয় হলেও স্বজন হারানো হাতির দলের ক্রন্দনরোল গ্রামবাসীদের অনেকেরই হৃদয় ছুঁয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দা কমল মাহাতো, যমুনা মাহাতোরা বলেছেন, রাত আটটা নাগাদ হঠাৎই হাতির দলের বিরাট চিৎকার চেঁচামেচি শোনা যায়। একের পর এক শুঁড় তুলে ডাক দিতে থাকে তারা। জানা গিয়েছে যে সাধারণত দলমা থেকে আসা হাতির দলকে গাইড করে নিয়ে যাওয়ার জন্য যেসব দাঁতালরা দলনেতার ভূমিকায় থাকে তেমনই দায়িত্ব ছিল ওই দুই দাঁতালের। ফলে দলনেতাদ্বয়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত হাতির দল। অতীত অভিজ্ঞতা থেকে কিছু একটা ঘটতে পারে এই আশঙ্কায় অবশ্য আগে থেকেই সজাগ ছিল বনদপ্তর। এলাকায় কাজে লাগানো হয়েছিল বনকর্মীদেরও। ডিএফও রবীন্দ্রনাথবাবু জানিয়েছেন, প্রায় ৪০ টি হাতির ওই দলটি ফিরে এসেছিল। স্বজনহারানোর শোকে এধরনের ঘটনা ওরা ঘটিয়ে থাকে। শোক পালনের ন্যায় প্রায় দু’ঘণ্টা তারা ঘটনাস্থলে থেকে তারপর কাঁসাই নদী পেরিয়ে ঝাড়গ্রামের আমদই গ্রামে ফিরে যায়। তবে বনকর্মী ও হুলাপার্টির দল ফের তাদের সেখান থেকে নদী পার করে মেদিনীপুর সদর ব্লকের বাগডুবি জঙ্গলে এদিন ভোরের দিকে ফিরিয়ে নিয়ে আসে।

Advertisement

[মধুচক্রের ফাঁদে পড়ে আইএসআইকে তথ্য পাচার, গ্রেপ্তার সেনা জওয়ান]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.