স্কুলের প্রধান শিক্ষকের মাথায় ফাটানো হল ডিম, ছোড়া হল গোবর! মিড-ডে মিল-সহ বিভিন্ন খাতে প্রায় ২০ লক্ষ টাকার আর্থিক অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে এমনই ঘটনার সাক্ষী থাকল ওন্দা ব্লকের বাকি সেঁন্দড়া হাই স্কুল। এই অভিযোগকে সামনে রেখে প্রধান শিক্ষক সাধন চন্দ্র পালকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবক ও গ্রামবাসীদের একাংশ। স্কুল চত্বরে ওঠে ‘চোর চোর’ স্লোগান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
আরও পড়ুন:
অভিযোগকারীদের দাবি, মিড-ডে মিল, স্কুলের উন্নয়ন তহবিল-সহ বিভিন্ন খাতে বরাদ্দ অর্থের হিসাব নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছিল। তাঁদের অভিযোগ, প্রায় ২০ লক্ষ টাকার আর্থিক অনিয়ম হয়েছে। সেই অভিযোগকে কেন্দ্র করেই সোমবার স্কুলে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের মধ্যেই প্রধান শিক্ষকের মাথায় গোবর ও ডিম ঢেলে দেওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ।
বিদ্যালয় পরিচালন কমিটির সদস্য অলোক ঘোষ বলেন, “অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় নথি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।” এলাকার বিজেপি বিধায়ক অমর শাখা বলেন, “সরকারি অর্থ নিয়ে অনিয়মের অভিযোগ অত্যন্ত গুরুতর। নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।” যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক সাধন চন্দ্র পাল। তাঁর দাবি, “আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিদ্যালয়ের সমস্ত আর্থিক লেনদেন সরকারি নিয়ম মেনেই হয়েছে। তদন্তে সব নথি তুলে ধরব।” বাঁকুড়ার জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) পীযূষ কান্তি বেরা বলেন, “লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রয়োজনে তদন্ত করে শিক্ষা দপ্তরের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাকে কেন্দ্র করে সোমবার স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। আর্থিক অনিয়মের অভিযোগের সত্যতা কতটা, সেই প্রশ্নের পাশাপাশি প্রধান শিক্ষককে প্রকাশ্যে অপমান ও হেনস্তার ঘটনায়ও চর্চা শুরু হয়েছে। প্রশাসনিক তদন্তের পরেই অভিযোগের আসল সত্য সামনে আসবে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার
-
যাদবপুরে বৈঠক শেষে বেরনোর সময় পড়ে গেলেন উপাচার্য! ‘নাটক করছেন’, দাবি বিক্ষোভকারীদের
-
কাপড়ের ব্যবসা, শিবপুরের ঘিঞ্জি এলাকায় বাস, বানাতেন জাল নথিও, সীমান্তে ধৃত কে এই আফগান যুবক?
-
বাবা পরিযায়ী শ্রমিক, বহু কষ্টে পড়াশোনা, নিটে সফল আতাউলের স্বপ্ন হৃদরোগ বিশেষজ্ঞ হওয়া