Nalhati

ভোটের মুখে সন্ত্রাসের ছক! অ্যামোনিয়াম নাইট্রেট-সহ বিপুল বিস্ফোরক পাচার রুখল পুলিশ

একটি বাইকের পিছনে কম্বলে মোড়া বস্তা খুলতেই উদ্ধার হয় ৫০০ পিস জিলেটিন স্টিক, আনুমানিক ৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১৬:৫৩

options
link
ভোটের মুখে সন্ত্রাসের ছক! অ্যামোনিয়াম নাইট্রেট-সহ বিপুল বিস্ফোরক পাচার রুখল পুলিশ
নলহাটিতে বাইকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার। ছবি: সুশান্ত পাল।

বঙ্গে ভোটের মুখে বড়সড় নাশকতার ছক! বীরভূমের নলহাটিতে বাইকে বস্তা বস্তা বিস্ফোরক দেখে চোখ কপালে দুঁদে পুলিশকর্তাদের। একটি মোটরবাইকে কম্বলের আড়ালে বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট, জিলেটিন স্টিক উদ্ধার হল শনিবার। সেসব পাচারের আগেই রুখে দিল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। তাকে জেরা করেই তদন্তকারীরা জানতে পেরেছেন, রামপুরহাট থেকে নলহাটির শিল্পাঞ্চল এলাকায় পাচার হচ্ছিল সেসব বিস্ফোরক। এর নেপথ্যে কে বা কারা, তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ।

Advertisement
বিস্ফোরক-সহ গ্রেপ্তার বাইকচালক চাঁদু লেট। ছবি: সুশান্ত পাল

ঘটনাস্থল নলহাটি থানার অন্তর্গত বানিওর পঞ্চায়েতের খাপুর ক্যানেল এলাকা। নলহাটি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, খাপুর ক্যানেল এলাকায় টহলদারির সময় পুলিশ একটি সন্দেহভাজন মোটরবাইক দেখতে পেয়ে দাঁড় করিয়ে তল্লাশি চালায় পুলিশ। মোটর বাইকের পিছনে বাঁধা কম্বল থেকে উদ্ধার হয় বস্তা ভর্তি বিস্ফোরক। বস্তা খুলতেই উদ্ধার হয় ৫০০ পিস জিলেটিন স্টিক ও আনুমানিক ৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে ওই পাচারকারী বাইক চালককে গ্রেপ্তার করে নলহাটি থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয় ওই বাইক-সহ বিস্ফোরকগুলি।

Advertisement
৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, ৫০০ জিলেটিন স্টিক উদ্ধার। ছবি: সুশান্ত পাল।

পুলিশ সূত্রে খবর, ধৃত পাচারকারীর নাম চাঁদু লেট। বাড়ি রামপুরহাট থানার রদিপুর গ্রামে। ধৃত ওই পাচারকারী রামপুরহাট এলাকা থেকে নলহাটি পাথর শিল্পাঞ্চল এলাকায় পাচার করছিল এই বিস্ফোরকগুলি। এই বিস্ফোরক পাচারের সঙ্গে আরও কে বা কারা যুক্ত রয়েছে, ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ। রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগে নলহাটিতে এত পরিমাণ বিস্ফোরক উদ্ধার আসলে বড়সড় নাশকতার ছক বলেই মনে করা হচ্ছে। চাঁদু লেটের এই বিস্ফোরক পাচারচক্রের মাথা কারা, কোথায়ই বা পাচার হয়, জেরা করে সেসব জানতে মরিয়া তদন্তকারীরা। বাংলাকে করিডর হিসেবে ব্যবহার করে ভিনরাজ্যের জঙ্গিরা বৃহত্তর কোনও ষড়যন্ত্র করছে কিনা, তাও খতিয়ে দেখার বিষয়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.