পুলিশি অভিযানের খবর পেতেই পাশের পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতরে চম্পট দিলেন গৃহকর্তা! তবে শেষরক্ষা হল না। বিপুল পরিমাণ মাদক, নগদ টাকা ও মাদক তৈরির সরঞ্জাম-সহ পুলিশের জালে ধরা পড়লেন তাঁর স্ত্রী। রবিবার সকালে পলাশিপাড়া থানার বড় নলদহ গ্রামের মল্লিকপাড়ায় এক মাদক কারবারির বাড়িতে হানা দিয়ে এই সাফল্য পেয়েছে পুলিশ। উদ্ধার হয়েছে ৩৫১ গ্রাম হেরোইন, নগদ ৩ লক্ষ ৪৭ হাজার টাকা এবং মাদক তৈরির বহু সামগ্রী। গ্রেপ্তার করা হয়েছে বেলিনা খাতুন শেখ নামে এক মহিলাকে। পলাতক স্বামী হাবিবুর শেখের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন:
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রবিবাসরীয় সকালে একাধিক গাড়িতে চেপে বিশাল পুলিশ বাহিনী মল্লিকপাড়ায় হাবিবুর শেখের বাড়ি ঘেরাও করে। পুলিশের গাড়ি ঢোকার শব্দ পেয়েই বাড়ির মালিক হাবিবুর তড়িঘড়ি পেছনের পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। তবে তদন্তকারীরা গৃহকর্ত্রী বেলিনাকে আটক করে ঘরে চিরুনি তল্লাশি শুরু করেন। তল্লাশি চালাতেই বেরিয়ে আসে প্লাস্টিকবন্দি বিপুল পরিমাণ হেরোইন, মাদক তৈরির রাসায়নিক সরঞ্জাম এবং বিক্রির নগদ টাকা।
তদন্তকারীদের দাবি, বড় নলদহের এই নির্দিষ্ট বাড়িটিতে কেবল বাইরে থেকে আনা মাদক কেনাবেচাই হতো না, বরং কাঁচামাল এনে পুরোদমে প্রস্তুত করা হতো হেরোইন। এলাকাটিতে এর আগেও একাধিক বার অভিযান চালিয়ে কেজি কেজি মাদক উদ্ধার ও একাধিক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এলাকাবাসীর একাংশের আক্ষেপ, চড়া আর্থিক লাভের প্রলোভনে পড়ে স্থানীয় তরুণ প্রজন্মের পাশাপাশি বহু মহিলাও এই কারবারে জড়িয়ে পড়ছেন। বারবার পুলিশি অভিযানেও রোখা যাচ্ছে না এই কারবার। তবে তেহট্ট পুলিশের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে আগামী দিনেও এমন কঠোর ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা