সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবং বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করল। ঘাসফুল প্রতীকে এই কেন্দ্রে লড়বেন গীতারানি ভুঁইয়া। তিনি মানস ভুঁইয়ার স্ত্রী।
[উপনির্বাচনে ভাঙল বাম-কংগ্রেস জোট, সবংয়ে প্রার্থী ঘোষণা সিপিএমের]
রবিবার বিকেলে তৃণমূলের মহাসচিব প্রার্থীপদের নাম ঘোষণা করেন। এই কেন্দ্রে গীতারানির এক রকম চমক বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তিনি একেবারে গৃহবধূ। সে অর্থে পুরোদস্তুর রাজনীতিবিদ নন। একসময় এআইসিসির সদস্য হয়েছিলেন। এপর্যন্ত কোনও নির্বাচনে তিনি দাঁড়াননি। এই প্রথম তিনি কোনও রাজনৈতিক লড়াইয়ে নামছেন। গীতাদেবী স্বামী মানস ভুঁইয়ার আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সবং কেন্দ্র থেকে ২০০১ থেকে ২০১৬ পর্যন্ত টানা জেতেন মানস ভুঁইয়া। মাস কয়েক আগে তিনি ওই কেন্দ্রের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। এরপর তৃণমূল তাঁকে রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত করে। তাঁর ছেড়ে আসা আসনে শাসক দল মানসপত্নী গীতারানিকে বেছে নিল। তবে এই কেন্দ্রে প্রার্থী হওয়ার জন্য তৃণমূলের অনেকেই দাবিদার ছিলেন। সদ্য তৃণমূলে যোগ দেওয়া এক টলিউড অভিনেত্রীর নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল। তবে শেষ মুহূর্তে সবাইকে চমকে দিলেন আদতে রাজনীতির বাইরের লোক গীতারানি। স্ত্রীর প্রার্থী হওয়ার বিষয়ে অবশ্য মানস ভুঁইয়ার কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে তিনি এর আগে জানিয়েছেন দলনেত্রী যাঁকে প্রার্থী করবেন তাঁকে জিতিয়ে আনতে হবে।

শনিবার বামেরা কার্যত জোট ভেঙে একতরফাভাবে প্রার্থীর নাম ঘোষণা করেছে। রীতা মণ্ডল জানা সবংয়ে কাস্তে হাতুড়ি তারা প্রতীকে লড়বেন। তবে এখনও পর্যন্ত বিজেপি বা কংগ্রেস নাম জানাতে পারেনি। এই বিধানসভা কেন্দ্রে মোট ৩০৬টি বুথ। ২১ ডিসেম্বর এই কেন্দ্রের উপনির্বাচন।
সর্বশেষ খবর
-
দাপট কমে যাওয়ায় খুন! নাকাশিপাড়ায় বাবা-ছেলের মত্যুতে ধৃত ১৩, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র
-
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা! গ্রেপ্তার প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা
-
দিনে ফেসবুক-ইনস্টা ব্যবহার করা যাবে মাত্র ২ ঘণ্টা! রাতে কাজ করবে না অ্যাপ, ব্যাপারটা কী?
-
‘বেআইনি’ বিলবোর্ড খুলতে ক্যামাক স্ট্রিটে পুরসভা ও পুলিশ, খবর পেয়ে ঘটনাস্থলে অভিষেক
-
যাদবপুরের কেন্দ্রীয় প্রতিষ্ঠানের ‘রাষ্ট্রীয় গুরুত্ব’ বাড়াতে পদক্ষেপ, অনুষ্ঠানে কী বার্তা অর্থমন্ত্রীর?