West Bengal Weather Update

উত্তরে ঝড়ঝঞ্ঝা, দক্ষিণে দাবদাহ পরিস্থিতি, জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস

বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি, কলকাতায় আগামী কয়েকদিন অস্বস্তিকর আবহাওয়া।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ১৩:৩০

options
link
উত্তরে ঝড়ঝঞ্ঝা, দক্ষিণে দাবদাহ পরিস্থিতি, জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি, দক্ষিণে দাবদাহ পরিস্থিতির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।

মাঝচৈত্রেও ঝড়বৃষ্টি থেকে রেহাই নেই। উত্তরবঙ্গে পার্বত্য জেলাগুলিতে ঝড়ঝঞ্ঝা, বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি। দক্ষিণবঙ্গে এর দোসর হতে চলেছে দাবদাহের মতো পরিস্থিতি। ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে জেলাগুলিতে। এপ্রিলের প্রথম সপ্তাহে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছতে পারে। আগামী দু’দিন গোটা রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা শোনাল হাওয়া অফিস। উপকূলবর্তী এলাকায় মঙ্গলবার সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা। মৎস্যজীবীদের বাংলা ও ওড়িশা উপকূলে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানা গিয়েছে, সোমবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উপরের দিকে পাঁচ জেলাতে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড়ের সম্ভাবনা। তবে মঙ্গলবার থেকে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা। নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বুধবার অর্থাৎ এপ্রিলের প্রথম দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা ফের কমবে। হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধবার থেকে ক্রমশ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। শুক্র, শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। এবং পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাড়বে তাপমাত্রা।

Advertisement

মঙ্গলবার ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং, কোচবিহার এবং জলপাইগুড়িতে শিলাবৃষ্টি হতে পারে। পার্বত্য পাঁচ জেলার কোথাও কোথাও ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। মালদহ-সহ বাকি সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এপ্রিলের শুরুতেও একইরকম আবহাওয়া থাকবে বলে জানিয়েছেন হাওয়া অফিস। তবে বৃহস্পতিবার ও শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে। সামান্য বাড়বে তাপমাত্রা।

কলকাতার আজ, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেন্টিগ্রেড। রবিরা দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৯ থেকে ৯৩ শতাংশ। ঘর্মাক্ত, অস্বস্তিকর পরিবেশ। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.