Suvendu Adhikari Anupam Kher

সিনেমা-সংস্কৃতির খনি! বাংলায় অ্যাক্টিং স্কুল তৈরির আর্জি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু সাক্ষাতে অনুপম খের

'শুরু থেকে শুরু হোক', পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলে আশাবাদী অনুপম। শুভেন্দু অধিকারীর হাত ধরে 'প্রগতিশীল বাংলা' দেখছেন বলিউডের প্রবীণ অভিনেতা-প্রযোজক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০২৬, ২২:২৮

options
link
সিনেমা-সংস্কৃতির খনি! বাংলায় অ্যাক্টিং স্কুল তৈরির আর্জি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু সাক্ষাতে অনুপম খের
মুখ্যমন্ত্রী শুভেন্দু সাক্ষাতে অনুপম খের, কী জানালেন? নিজস্ব ছবি

ছাব্বিশ বছর বাদে বাংলা সিনেমা প্রযোজনায় অনুপম খের। সেই সুবাদেই সম্প্রতি শহর তিলোত্তমায় পা রেখেছেন তিনি। আর পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর প্রথমবার কলকাতায় এসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন বলিউডের প্রবীণ অভিনেতা-প্রযোজক। বিজেপির হাত ধরে বাংলায় এহেন রাজনৈতিক পট-পরিবর্তনে অনুপমের কণ্ঠের আশার সুর। জানালেন, শুভেন্দুর হাত ধরেই ‘প্রগতিশীল বাংলা’ দেখতে পাচ্ছেন তিনি।

Advertisement

“আমাদের সিনেমার নাম যেমন ‘শুরু থেকে শুরু’, সেটা ধার করেই বলতে চাইব- শুরু থেকে শুরু হোক তবে। শুভেন্দুজিকেও তাই বলে এসেছি। শুধু আপনারা বাংলার মানুষেরা সঙ্গে থাকুন।…” 

অনুপম খের বরাবরই বিজেপি সমর্থক। গত ৪ মে বাংলার জনাদেশেও উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। এবার কলকাতায় এসেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সিনে-সাক্ষাৎ সারলেন অভিনেতা। শুক্রবার সকালে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন অনুপম খের। সেখান থেকে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলিউডের প্রবীণ অভিনেতা-প্রযোজক জানালেন, “খুব ভালো যে, শুভেন্দুবাবু পরিবর্তন আনার চেষ্টা করছেন। এতে বাংলার মঙ্গলসাধনই হবে। উনি বাংলাকে আরও উন্নত করতে চান। যেটা সম্ভবও। আমাদের সিনেমার নাম যেমন ‘শুরু থেকে শুরু’, সেটা ধার করেই বলতে চাইব- শুরু থেকে শুরু হোক তবে। শুভেন্দুজিকেও তাই বলে এসেছি। শুধু আপনারা বাংলার মানুষেরা সঙ্গে থাকুন। আমরা তো সব বাংলা থেকেই শিখেছি। এই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেই শেখা। সেটা সিনেমা হোক কিংবা গানবাজনা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো ঔপন্যাসিক, মাণিকদা, মৃণাল সেনের মতো ফিল্মমেকার, সব এখান থেকেই শেখা। সেই প্রেক্ষিতেই আজ আমার নতুন সিনেমা তৈরির কথা জানাতে এসেছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুকে।” পাশাপাশি বাংলায় অভিনয় প্রশিক্ষণের স্কুল গড়ার ভাবনার কথাও জানালেন তিনি। অনুপম খের বললেন, “আমি বাংলায় অ্যাক্টিং স্কুল বানাতে চাই। মুখ্যমন্ত্রী আমাকে শুভকামনা জানালেন।”

Advertisement
India Pakistan News: Anupam Kher shares cousin's reaction from Jammu
অনুপম খের

“ফিরদৌসুল হাসানের ফ্রেন্ডস কমিউনিকেশনের সঙ্গে আমার ‘অনুপম খের স্টুডিও’ যৌথ উদ্যোগে একটি ছবি তৈরি করছে। ২৬ বছর পর বাংলা ছবি প্রযোজনা করছি।…” 

শেষবার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনুপম খের কাজ করেছিলেন ঋতুপর্ণ ঘোষের সঙ্গে। কিন্তু তারপর বিগত দু’দশকে বাংলা সিনেমার সঙ্গে আর কোনও যোগাযোগ ছিল না প্রবীণ অভিনেতার! ২০০২ সালে রিলিজ করেছিল ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘বাড়িওয়ালি’। যে সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন স্বনামধন্য অভিনেত্রী তথা অনুপমপত্নী কিরণ খের। আড়াই দশক আগে ‘বাড়িওয়ালি’ ছবির শুটিং শুরুর আগে আচমকাই শেষমুহূর্তে সরে দাঁড়ান প্রযোজক। সেসময়ে ঋতুপর্ণ ঘোষের ভাবনাকে সিনেপর্দায় তুলে ধরতে প্রযোজক হিসেবে এগিয়ে আসেন অনুপম খের। বলা ভালো, স্ত্রী কিরণ অভিনীত সিনেমার হাল ধরতে তিনিই এগিয়ে এসেছিলেন। সেই সিনেমা পরবর্তীতে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্বজুড়ে সমাদৃত হওয়ার পাশাপাশি জাতীয় পুরস্কারও পেয়েছিল। যদিও ‘বাড়িওয়ালি’ কিরণের কণ্ঠ নিয়ে সেসময়ে কম বিতর্ক হয়নি। তবে তারপর আর বাংলা সিনেমায় বিনিয়োগ করেননি অনুপম খের। এবার ছাব্বিশ বছর বাদে ফের টলিউড সিনেমার প্রযোজনায় অভিনেতা। সেকথা জানাতেই শুক্রবার শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন অনুপম খের। এপ্রসঙ্গে অভিনেতা জানালেন, “ফিরদৌসুল হাসানের ফ্রেন্ডস কমিউনিকেশনের সঙ্গে আমার ‘অনুপম খের স্টুডিও’ যৌথ উদ্যোগে একটি ছবি তৈরি করছে। ২৬ বছর পর বাংলা ছবি প্রযোজনা করছি। এবিষয়ে শুভেন্দুজিকে আনুষ্ঠানিকভাবে জানাতেই আমরা এখানে এসেছি। মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি চান বাংলা উন্নয়নের পথে এগিয়ে যাক।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.