সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টালিগঞ্জ, গল্ফগ্রীন সংলগ্ন বসতির পর এবার ত্রাণ নিয়ে আমফান বিধ্বস্ত সুন্দরবনে পৌঁছে গেলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং তাঁর বন্ধুরা। তাঁদের এই মানবিক উদ্যোগে মুগ্ধ হয়ে এমন দুর্দিনেও কিন্তু অসহায় মানুষগুলি অভ্যর্থনা জানাতে ভোলেননি। উপরন্তু সাধ্যমতো খাবারের ব্যবস্থাও করেছিলেন।
ঝড় চলে গিয়েছে ঠিকই, কিন্তু তাণ্ডবের প্রভাবে এখনও ভুগছে বাংলার প্রান্তিক অঞ্চলের মানুষেরা। একে করোনা আবহ, উপরন্তু গোদের উপর বিষফোঁড়ার মতো সুপার সাইক্লোন আমফান। যে ঝড়ে কেউ মাথা গোজার ঠাঁই হারিয়ে এক টুকরো ত্রিপল-প্লাস্টিকের আশায় সাহায্যের জন্য অপেক্ষা করছেন। আবার কেউ বা খিদের জ্বালায় দিশাহীন।

শুধু যে আজকের খিদে মেটানোর তাগিদে তাঁদের মাথায় হাত পড়েছে এমনটা নয়! বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন অঞ্চল। চিন্তার ভাঁজ পড়েছে অদূর ভবিষ্যতের কথা ভেবেও। নোনা জল ঢুকে নষ্ট হয়েছে ফসলি জমি। খাব কী? আবার দুর্যোগ এলে মাথা গুঁজবো কোথায়? একরাশ চিন্তা নিয়ে অসহায় মুখেদের ভীড়। এমন কঠিন পরিস্থিতিতেই আমফান বিধ্বস্ত সুন্দরবনের পাশে দাঁড়ালেন অভিনেতা রুদ্রলীল ঘোষ, সংগীতকার তথা পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্ত-সহ আরও অনেকে।

শনিবার ত্রাণসামগ্রী নিয়ে তাঁরা পৌঁছে গিয়েছিলেন সুন্দরবনের বেশ কিছু গ্রামে। মোট পাঁচটা গ্রামের প্রায় হাজার জন মানুষের হাতে তুলে দিলেন খাবার এবং অত্যাবশকীয় কিছু জিনিসপত্র। গতকাল সকালেই অবশ্য সোশ্যাল মিডিয়া পোস্টে জানান দিয়েছিলেন যে, সুন্দরবনের উদ্দেশে রওনা হচ্ছেন তাঁরা। সুন্দরবনের পুলিশ, স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাধারণ মানুষের সহযোগিতায় মুগ্ধ রুদ্রনীল এবং তাঁদের বন্ধুরা। তিনি অবশ্য তাঁর পোস্টে ধন্যবাদও জানিয়েছেন তাঁদের।

[আরও পড়ুন: ভারতীয় সেনাকে অপমানের অভিযোগ, চাপে পড়ে ওয়েব সিরিজের আপত্তিকর দৃশ্য ছাঁটলেন একতা]
সুন্দরবনের মানুষগুলো নিজেদের অসহায় অবস্থার মধ্যেও রুদ্রনীলদের অভ্যর্থনা জানাতে ভোলেননি। টলিউডের শিল্পীদের মানবিকতায় মুগ্ধ হয়ে তাঁরা ফুল দিয়ে অভ্যর্থনা জানানোর পাশাপাশি সাধ্যমতো তাঁদের মধ্যাহ্নভোজনের ব্যবস্থাও করেছিলেন। অভিনেতা রুদ্রনীল ঘোষ জানিয়েছেন, সুন্দরবনের মানুষগুলোর আরও খাবার, আর সাহায্যের দরকার থাকলেও কেউই মুখ ফুটে আর কিছু চাননি।

প্রসঙ্গত, সাইক্লোন আমফানের তাণ্ডবের দিন পাঁচেক পরও টালিগঞ্জ এবং গল্ফগ্রীন এলাকার আশেপাশের বসতিগুলোর প্রায় দু’হাজার মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছিলেন রুদ্রনীল ও তাঁর বন্ধুরা। তাঁদের এই উদ্যোগে সাড়া দিয়ে যাঁরাই টাকা পাঠিয়েছেন বা অন্যান্য জিনিসপত্র দিয়ে সাহায্য করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদও জানিয়েছেন অভিনেতা।

[আরও পড়ুন: অন্তঃসত্ত্বা ছাত্রীর মতোই দিল্লি হিংসার ‘ষড়যন্ত্রে’র জন্য গ্রেপ্তার করা হোক স্বরাকেও, দাবি নেটিজেনদের]
সর্বশেষ খবর
-
পরীক্ষা দিতে যাচ্ছেন, অথচ একবর্ণও পড়া হয়নি! এমন স্বপ্ন তাড়া করলে জানুন নেপথ্য কারণ
-
‘বন্দে মাতরমের’ অপমান শাস্তি, হতে পারে কারাদণ্ড, রাষ্ট্রপতির অনুমোদনে তৈরি হল আইন!
-
রাজ্যে কয়েক হাজার কর্মসংস্থান! পুরসভা ও সমবায়তে নিয়োগ করবে পিএসসি, জারি বিজ্ঞপ্তি
-
পঞ্চায়েত এলাকায় বাড়ি তৈরিতে মানতে হবে একাধিক নিয়ম! কড়া বিধি আনার ঘোষণা দিলীপের
-
মেসিকে আনার নামে কোটি কোটি টাকার দুর্নীতি! এবার কাঠগড়ায় বামেরা, তদন্তে কেন্দ্রীয় সংস্থা