Manisha Koirala

‘প্রকৃতির এমন রুদ্ররূপ আগে দেখিনি’, বানভাসি নেপালের জন্য চোখে জল ভূমিকন্যা মনীষা কৈরালার!

Nepal Flash Floods: তিব্বত থেকে ধেয়ে আসা জলরোষে ছিন্নভিন্ন হওয়া স্বভূমের চেহারা দেখে কিছুতেই মেনে নিতে পারছেন না অভিনেত্রী। তাঁর আর্জি, "আপনারা প্লিজ নেপালের জন্য প্রার্থনা করুন। আসুন এই কঠিন সময়ে সকলে একে-অপরের পাশে থাকি।"

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৬, ১৮:২০

options
link
‘প্রকৃতির এমন রুদ্ররূপ আগে দেখিনি’, বানভাসি নেপালের জন্য চোখে জল ভূমিকন্যা মনীষা কৈরালার!
বানভাসি নেপালের জন্য চোখে জল ভূমিকন্যা মনীষা কৈরালার!

প্রকৃতির রুদ্ররোষে বিধ্বস্ত জন্মভূমি দেখে মন কাঁদছে মণীষা কৈরালার (Manisha Koirala)। নেপালের ভূমিকন্যা তিনি। কাঠমান্ডুতে জন্ম অভিনেত্রীর। সম্প্রতি সেখানেই সপরিবারে জন্মদিন পালন করেন মনীষা। তার দিন কয়েকের মধ্যেই তিব্বত থেকে ধেয়ে আসা জলরোষে ছিন্নভিন্ন হওয়া স্বভূমের চেহারা দেখে কিছুতেই মেনে নিতে পারছেন না অভিনেত্রী। তাঁর আর্জি, “আপনারা প্লিজ নেপালের জন্য প্রার্থনা করুন। আসুন এই কঠিন সময়ে সকলে একে-অপরের পাশে থাকি।”

Advertisement

“যারা এহেন দুর্ভোগের শিকার হয়ে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। ওদের জন্য মনেপ্রাণে প্রার্থনা করছি। আপনারা সকলে নেপালের জন্য প্রার্থনা করুন। ভৌগোলিক সীমানা কিংবা অন্যান্য ভেদাভেদ ভুলে,…” 

হড়পা বানের জেরে বিভীষিকাময় পরিস্থিতি নেপালে। দানবীয় জলের ঢেউয়ে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে একাধিক জনপদ। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। নিঁখোজ দেড় হাজারেরও বেশি মানুষ। যার জেরে চরম দুর্ভোগের শিকার নেপালবাসী। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। খাবার নেই, জল নেই। বিদ্যুৎ সংযোগ ছিন্ন। মাথার ছাদ হারিয়ে শত শত মানুষের ঠাঁই এখন ত্রাণশিবির। স্বভূমের মানুষদের এহেন চরম দুর্ভোগের সাক্ষী মনীষা আবেগপ্রবণ হয়ে পড়েছেন। কাঠমান্ডুতে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম আয়োজিত সম্মেলনে যোগ দিয়ে নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা পরিস্থিতি নিয়ে মুখ খোলেন তিনি।

Advertisement
Manisha Koirala On Nepal Flash Floods
নেপালে ভয়ংকর হড়পা বানে একের পর এক গ্রাম সম্পূর্ণ নিশ্চিহ্ন।

মনীষা কৈরালা জানান, “জন্মভূমিতে এহেন বিপর্যয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি। অভিনেত্রীর মন্তব্য, সবার প্রথমে সেসব মানুষদের নিয়ে বলি, যারা এহেন দুর্ভোগের শিকার হয়ে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। ওদের জন্য মনেপ্রাণে প্রার্থনা করছি। আপনারা সকলে নেপালের জন্য প্রার্থনা করুন। ভৌগোলিক সীমানা কিংবা অন্যান্য ভেদাভেদ ভুলে, মানুষ হিসেবে মানুষের এই সীমাহীন কষ্ট দেখা সত্যিই অত্যন্ত হৃদয়বিদারক।” এখানেই অবশ্য থামেননি অভিনেত্রী। তাঁর সংযোজন, “ঘটনার আকস্মিকতায় আমি স্তম্ভিত। বহু বছর আগে ভূমিকম্পের সময় ঘটেছিল এমনটা ঘটেছিল। সবকিছু তছনছ হয়ে গিয়েছিল। প্রকৃতির এমন রুদ্ররূপ আগে কখনও দেখিনি। আমার মনে হয় না, আমাদের কেউই এমন ঘটনার সাক্ষী থেকেছেন। তাই প্রার্থনার পাশাপাশি এখন আমাদের সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।”

Advertisement

কাঠমান্ডুতে জন্মগ্রহণকারী মনীষা কৈরালা নেপালি রাজনীতিবিদ প্রকাশ কৈরালার কন্যা। তাঁর দাদা বিশ্বেশ্বর প্রসাদ কৈরালা ১৯৫৯ থেকে ১৯৬০ সাল পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রী ছিলেন। স্বদেশে জেন জি আন্দোলনের সময়ে রক্তঝরানো তরুণদের জন্য সুর চড়িয়েছিলেন। এবার বন্যাবিধ্বস্ত মাতৃভূমির হয়ে সকলের কাছে সাহায্যের আর্জি রাখলেন অভিনেত্রী।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.