reality show audition

গেম শো’র অডিশনে বর্ধমানে ধুন্ধুমার, অসুস্থ বহু, মৃদু লাঠিচার্জ পুলিশের

মহিলাদের ন্যূনতম বসার, শৌচালয়ের ব্যবস্থা ছিল না বলেই অভিযোগ।

সৌরভ মাজি
সৌরভ মাজি

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৮:৩০

options
link
গেম শো’র অডিশনে বর্ধমানে ধুন্ধুমার, অসুস্থ বহু, মৃদু লাঠিচার্জ পুলিশের
অডিশনে বিশৃঙ্খলা সামাল দিতে পুলিশি পদক্ষেপ। ছবি: মুকুলেসুর রহমান

বেসরকারি টিভি চ্যানেলের গেম শো’র অডিশন ঘিরে ধুন্ধুমার বর্ধমানে। রবিবার ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন মহিলা। ভিড় সামাল দিতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে বলেও অভিযোগ।

Advertisement

‘লাখ টাকায় লক্ষ্মীলাভের’ আশায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গত কয়েকদিন ধরে প্রচুর মহিলা আসেন বর্ধমানে। রবিবার বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুলে এই অডিশন হওয়ার কথা ছিল। শুক্রবার থেকে দূরদূরান্তের মহিলারা ভিড় করেন। সুন্দরবন, কুলতলি, গোসাবা, মুর্শিদাবাদ, হাওড়া-সহ বিভিন্ন এলাকা থেকে মহিলারা আসেন। শনিবার বিকেল থেকেই স্কুলের গেটে দীর্ঘ লাইন পড়ে যায়। রাস্তাতেই রাত কাটিয়ে অডিশন দিতে প্রস্তুত হচ্ছিলেন। সরু রাস্তায় ব্যাপক ভিড়ে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। রবিবার গেট খুলতেই হুড়োহুড়ি পড়ে যায়। ভিড়ের চাপে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। আসেন পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার (সাধারণ) শান্তনু চৌধুরিও। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। যদিও পুলিশের দাবি, লাঠিচার্জ করা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যা যা করার দরকার তা করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সুন্দরনের গোসাবা থেকে অডিশন দিতে আসা অলোকা সাহা বলেন, “আমরা চারজন শুক্রবার রাতে এসেছি। এসে স্কুলের ঠিকানা খুঁজে একদিন এখানে একটা লজে ছিলাম। পরে শনিবার রাতে এসে এখানে লাইন দিই। রবিবার সকালেই এত ভিড় হল পুলিশ এসে ঠেলে আমাদেরই বের করে দিলো।” উদ্যোক্তাদের বিরুদ্ধে সঠিক তথ্য না দেওয়ার অভিযোগও উঠেছে। অনেকে এখানে এসে জানতে পারেন শুধু মাত্র পূর্ব বর্ধমান জেলার অডিশন হবে। সেটা আগে জানালে এতো ভিড় হতো না। মহিলাদের ন্যূনতম বসার, শৌচালয়ের ব্যবস্থা ছিল না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনা নিয়ে রবিবার পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। কাউকে গ্রেফতারও করা হয়নি। তবে একটি ছোট স্কুল চত্বরে এত বিপুল সংখ্যক মহিলাকে নিয়ে অডিশনের আয়োজন কেন করা হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অডিশন নিতে আসা উদ্যোক্তাদের কাছে বারবার জানতে চাওয়া হলে তারা কেউ কোন কথাই বলতে রাজি হয়নি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.