আজ থেকে ঠিক পাঁচদিন আগে অর্থাৎ ২৯ জানুয়ারি দীঘা সংলগ্ন তালসারিতে ধারাবাহিকের শুটিং করতে গিয়ে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তরুণ তুর্কি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee)। মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে কীভাবে প্রাণ হারান অভিনেতা? শুটিং সেটে নিরাপত্তার খামতি নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা রাহুলের মৃত্যুর দায় এড়িয়ে যাওয়ার অভিযোগ ও সঠিক তদন্তের দাবিতে শনিবার রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের তরফে দায়ের করা হয়েছে এফআইআর। সঙ্গে ছিলেন প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও (Priyanka Sarkar)। থানা থেকে বেরিয়ে ‘জাস্টিস ফর রাহুল’ (Justice for Rahul) মিছিলের উদ্দেশে টেকনিশিয়ান স্টুডিও থেকে শুরু হয়েছে মৌন মিছিলও। সেখানে কেন দেখা মেলেনি প্রিয়াঙ্কার? সূত্রের খবর, দ্বিতীয় দফার এফআইআর দায়ের করতে তালসারিতে উদ্দেশে রওনা দিতে পারেন প্রিয়াঙ্কা।
তিনি একাই তালসারিতে যাবেন নাকি প্রিয়াঙ্কার সঙ্গে আর কেউ যাচ্ছেন সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আর্টিস্ট ফোরামের সদস্য শান্তিলাল মুখোপাধ্যায় সংবাদ প্রতিদিন ডিজিটালকে এই প্রসঙ্গে বলেছেন, “আইনজীবীর সিদ্ধান্তের উপর নির্ভর করছে তালসারিতেও এফআইআর করতে হবে কিনা। প্রিয়াঙ্কা আলাদাভাবে কোনও এফআইআর করছে কিনা আমি জানি না। রিজেন্ট পার্ক থানা থেকে বেরিয়ে ও বাড়ি গিয়েছে। এই মুহূর্তে তো আমি ফোরামে রয়েছি পরবর্তী কাজের জন্য। পরে যদি কিছু জানতে পারি তাহলে অবশ্যই জানাব।”

পুলিশের হাতে আসা শুটিংয়ের ভিডিও ফুটেজের সঙ্গে অমিল রয়েছে ধারাবাহিকের কলাকুশলীদের বয়ানেও। সেই প্রেক্ষিতেই রহস্য আরও দানা বেঁধেছে।
রাহুলের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে শনিবার বিকেল চারটের সময়ে টেকনিশিয়ান স্টুডিও থেকে ‘জাস্টিস ফর রাহুল’ মিছিলের ডাক দিয়েছিল নাগরিক সমাজ। যেখানে যোগ দিয়েছেন ইন্ডাস্ট্রির সদস্যরা। এই মিছিলে যেন কোনওরকম রাজনৈতিক রং না লাগানো হয়, এমন আবেদনও জানিয়েছিলেন সেলেব মহলের একাংশ। প্রসঙ্গত, গত রবিবার বিকেলে তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

সেই মুহূর্তে সৈকতে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের কেউ জানিয়েছেন, অনেকক্ষণ জলে ডুবে থাকার পর অভিনেতাকে ডাঙায় তোলা হয় তো কারও বা দাবি, সহ-অভিনেত্রীকে জোয়ারের জলের হাত থেকে বাঁচাতে গিয়েই এহেন মর্মান্তিক পরিণতি ঘটে অভিনেতার। এদিকে পয়লা দিন থেকেই প্রযোজনা সংস্থার ইউনিটের সদস্যদের বয়ানে একের পর এক অসঙ্গতি। পুলিশের হাতে আসা শুটিংয়ের ভিডিও ফুটেজের সঙ্গে অমিল রয়েছে ধারাবাহিকের কলাকুশলীদের বয়ানেও। সেই প্রেক্ষিতেই রহস্য আরও দানা বেঁধেছে।
শান্তিলাল মুখোপাধ্যায় সংবাদ প্রতিদিন ডিজিটালকে বলেছেন, “প্রিয়াঙ্কা তালসারিতে আলাদাভাবে কোনও এফআইআর করছে কিনা আমি জানি না।”
ঠিক কী ঘটেছিল সেদিন? কীভাবে সমুদ্রে তলিয়ে গেলেন অভিনেতা? রাহুলের বেঘোরে প্রাণ হারানোর দায় কার? গোটা সিনেইন্ডাস্ট্রির কাছে এখনও অজস্র উত্তর অধরা। শনিবার দুপুরে রাহুলপত্নীকে সঙ্গে নিয়ে এফআইআর দায়ের করে আর্টিস্ট ফোরাম, এবার কি তবে রাহুলের পরিবারের তরফে দ্বিতীয় দফায় এফআইআরের জন্য তালসারি রওনা দিচ্ছেন প্রিয়াঙ্কা? উত্তরের অপেক্ষায় রাহুলের প্রিয়জনেরা।
সর্বশেষ খবর
-
এবার কেকেআরের ক্যাপ্টেন হার্দিক? দলবদলের আবহে তুঙ্গে জল্পনা
-
প্রত্যাবর্তনের রোনাল্ডোয় পাঁচতারা পর্তুগাল, উজবেকিস্তানকে গুঁড়িয়ে এল বিশ্বকাপের প্রথম জয়
-
মহরমের শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শনে ‘না’! নিয়ন্ত্রণে তাজিয়ার উচ্চতাও, প্রত্যেক থানাকে নির্দেশ লালবাজারের
-
টাকির বিতর্কিত হোটেল ভাঙার নির্দেশ হাই কোর্টের, কবে শুরু কাজ?
-
থাকবে সাংস্কৃতিক মঞ্চ, ফুড কোর্ট! পুজোর আগেই শেষ হবে কুমোরটুলির ঘাট সংস্কারের কাজ