সিনেদুনিয়ার গুঞ্জনেই আগাম আভাস মিলেছিল যে, ফেব্রুয়ারি মাসে প্রেমদিবসের পরই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবেরাকোন্ডা (Vijay Rashmika Wedding)। যদিও দিন কয়েক আগে ফাঁস হওয়া আমন্ত্রণপত্রের সুবাদে বিয়ে-রিসেপশনের দিনক্ষণ নিয়ে ধন্দ কেটেছে। তবে রবিবাসরীয় রাতে দক্ষিণী তারকাদ্বয় নিজেরাই বিয়ের খবরে সিলমোহর বসালেন। বিজয় এবং রশ্মিকাকে মিলিয়ে ভক্তদের দেওয়া নাম ‘বিরোশ’কে আপন করে আগামী ২৬ ফেব্রুয়ারি ছাঁদনাতলায় বসছেন তাঁরা।
আরও পড়ুন:
“আজ পূর্ণ হৃদয়ে তোমাদের উৎসর্গ করেই আমরা নতুন পথচলা শুরু করছি। আমাদের বিয়ের এই অনুষ্ঠানের নাম দিচ্ছি- ‘দ্য ওয়েডিং অফ বিরোশ’। আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।”
বিয়ের প্রাক্কালে সোমবার সকালেই হবু তারকাদম্পতিকে বিমানবন্দরে রং মিলান্তি পোশাকে দেখা যায়। খবর, বিয়ের অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই তাঁরা উদয়পুরে পৌঁছে গিয়েছেন। তার প্রাক্কালে রবিবাসরীয় রাতে সোশাল মিডিয়া বার্তায় অনুরাগীদের প্রিয় জুটি ‘বিরোশ’ জানান, “আমরা নিজেরা কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে বা পরিকল্পনা করার আগেই তোমরা খুব ভালোবাসে আমাদের একটি নাম দিয়েছিলে- ‘বিরোশ’। তাই আজ পূর্ণ হৃদয়ে তোমাদের উৎসর্গ করেই আমরা নতুন পথচলা শুরু করছি। আমাদের বিয়ের এই অনুষ্ঠানের নাম দিচ্ছি- ‘দ্য ওয়েডিং অফ বিরোশ’। আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবসময়ে আমাদের এই প্রেমসফরের অংশ ছিলে, থাকবেও। সকলকে ভালোবাসা, আলিঙ্গন।”

আগামী ৪ মার্চ হায়দরাবাদে বিজয়-রশ্মিকার তারকাখচিত হাইভোল্টেজ রিসেপশনের অনুষ্ঠান রয়েছে। যেখানে বলিউডের পাশাপাশি দক্ষিণী তারকারাও আমন্ত্রিত। কানাঘুষো, বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার রিসেপশনে উপস্থিত থাকতে পারেন আল্লু অর্জুন, রামচরণ, রাজামৌলি, প্রভাসদের পাশাপাশি হিন্দি সিনেদুনিয়ার খান-কাপুর, বচ্চনরাও। দিন কয়েক আগেই উদয়পুরের এক হেরিটজ রাজপ্রাসাদ থেকে ভাইরাল এক ভিডিওয় জমকালো বিয়ের আসরের ঝলক দেখা গিয়েছিল। লাল রঙের ভেলভেট কাপড়, রকমারি ফুল, সারি সারি পিতলের নানা মূর্তি ছিল সেখানে। তড়িৎকর্মা ইভেন্ট উদ্যোক্তাদের শশব্যস্ততাই বলে দেয় শেষমুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। এককথায়, বিজয়-রশ্মিকার বিয়ের আসরকে রাজকীয় কোনও পিরিয়ড ড্রামার শুটিং সেট বললেও অত্যুক্তি হবে না!

বিগত আট বছর ধরে ডুবে ডুবে জল খাচ্ছেন! কিন্তু সম্পর্কের কথা কোনওদিনই স্বীকার করেননি রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবেরাকোন্ডা। তবে তারকাদের প্রেমবিলাস কি আর পাপারাজ্জিদের লেন্স এড়ায়? কখনও শহরের ইতি-উতি তাঁদের ‘ডেট’ করার ছবি লেন্সবন্দি হয়েছে তো কখনও বা আবার সোশাল মিডিয়ায় উঁকি দিয়ে তাঁদের দেখা গিয়েছে, একই গন্তব্যের আলাদা ফ্রেমে! গতবছরই আড়াই লাখি হিরের আংটিতে গোপনে বাগদান সেরেছেন তারকাযুগল। ‘থামা’ প্রচারে নায়িকার হাতে সেই আংটির উজ্জ্বল উপস্থিতিও নজর কেড়েছিল। তখন অবশ্য বাগদানের প্রসঙ্গ উত্থাপন হতেই একগাল হেসে রশ্মিকা জানিয়েছিলেন, “সবাই সব জানেন দেখছি!” এবার দক্ষিণী তারকাজুটির মালাবদলের পালা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অস্তিত্ব সংকটে জয়ললিতার দল! ২ মাসে ইস্তফা ছয় বিধায়কের, নেপথ্যে কোন সমীকরণ?
-
সম্পর্কে পরিবারের বাধা! বেঙ্গালুরুর হোমস্টের ভিতরে উদ্ধার তরুণীর দেহ, অচেতন প্রেমিক
-
সাফল্যের গল্প নিয়ে এনটিসিএ-কে চিঠি, আসছে আরও জোড়া বাঘিনী
-
বান্দ্রায় সমুদ্রমুখী ‘প্রাসাদ’ তৈরি করছেন সলমন! ছাড়পত্র প্রশাসনের, শাহরুখের প্রতিবেশী হচ্ছেন?
-
সেশেলসে সনাতন ধর্মের জয়গান! একমাত্র হিন্দু মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী