Greater Noida Bus Fire

মধ্যরাতে গ্রেটার নয়ডায় চলন্ত এসি বাসে আগুন, ঝলসে মৃত ৯, প্রাণ বাঁচাতে ঝাঁপ বহু যাত্রীর

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় মৃতদের পরিবার সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের সমবেদনা জানিয়েছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১২:০২

options
link
মধ্যরাতে গ্রেটার নয়ডায় চলন্ত এসি বাসে আগুন, ঝলসে মৃত ৯, প্রাণ বাঁচাতে ঝাঁপ বহু যাত্রীর
বুধবার মধ্যরাতে নয়ডায় অগ্নিদগ্ধ বাস।
সৌজন্য: সোশাল মিডিয়া।

মধ্যরাতে বিভীষিকা। চলন্ত বাসে আগুন। ঘুমের মধ্যেই ঝলসে মৃত অন্তত ৯ জন। বেশ কয়েকজন আহত। কোনওক্রমে রক্ষা পেলেন আরও বহু মানুষ। মর্মান্তিক ওই অগ্নিকাণ্ডটি ঘটেছে গ্রেটার নয়ডায় (Greater Noida)।

Advertisement

বুধবার ৩৫ জন যাত্রীকে নিয়ে নয়ডা থেকে মাহোবার দিকে যাচ্ছিল ওই এসি বাসটি। মধ্যরাতে যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় জেওয়ারের নিকটবর্তী দয়ানটপুর গ্রামে বাসটিতে আগুন ধরে যায়। রাত সাড়ে ১১টা নাগাদ আগুন লাগে। নিমেষে গোটা বাস আগুনের কবলে পড়ে যায়। সেসময় অধিকাংশ যাত্রীই ঘুমোচ্ছিলেন। ফলে কিছু বুঝে ওঠার আগেই একাধিক যাত্রী অগ্নিদগ্ধ হয়ে যান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এসি বাস হওয়ায় সমস্ত জানালা বন্ধ ছিল। তাতে সমস্যা আরও বাড়ে। গোটা বাস ধোঁয়ায় ভরে যায়। দৃশ্যমানতার সমস্যা দেখা যায়। হুড়োহুড়ির মধ্যে যাত্রীরা একসঙ্গে বাস থেকে নামার চেষ্টা করেন। তাতেও সমস্যা বাড়ে। কাচের জানলা ভেঙে বাইরে ঝাঁপ দেন যাত্রীদের অনেকে। এক যাত্রীর কথায়, “আমি ঘুমোচ্ছিলাম। কেউ আমাকে ডেকে দিয়ে বলল বাসে আগুন লেগে গিয়েছে। চোখ খুলে দেখলাম চারিদিকে ধোঁয়া। কোনওরকমে আতঙ্কের মধ্যে বাস থেকে বেরিয়েছি।” অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে বাসটিতে ৪০-৫০ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ৯টি মৃতদেহ পাওয়া গিয়েছে। আরও বেশ কয়েকজন আহত। তবে আর কোনও যাত্রী দগ্ধ হয়েছেন কিনা স্পষ্ট নয়। পুলিশ প্রাথমিকভাবে ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

Advertisement
Greater Noida bus fire kills nine
বৃহস্পতিবার সকালে অগ্নিদগ্ধ বাস।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। পুলিশ এখনও উদ্ধারকাজ চালাচ্ছে। বাসটিকে আপাতত এক্সপ্রেসওয়ের ধারে এনে রাখা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় মৃতদের পরিবার সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের সমবেদনা জানিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.