C Joseph Vijay

মুখ্যমন্ত্রী বিজয়কে কটুক্তি, গ্রেপ্তার আরও এক ডিএমকে বিধায়ক, অশান্তি তামিলনাড়ুতে

ঘটনার সূত্রপাত গত ১৮ জুলাই। ওইদিন একটি সভায় জিআর মার্কণ্ডীয়ন বলেন, "বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি বাবা খুঁজছেন। নির্লজ্জ মুখ্যমন্ত্রী। আমরা আপনাকে বিধানসভায় দেখে নেবো।"

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ১৭:০৭

options
link
মুখ্যমন্ত্রী বিজয়কে কটুক্তি, গ্রেপ্তার আরও এক ডিএমকে বিধায়ক, অশান্তি তামিলনাড়ুতে
দলীয় বিধায়কের গ্রেপ্তারির পর থানায় বিক্ষোভ ডিএমকের।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালপতি বিজয়ের বিরুদ্ধে ‘আপত্তিকর’ তথা ‘মানহানিকর’ মন্তব্যের অভিযোগ গ্রেপ্তার আরও এক ডিএমকে বিধায়ক। একই ধরনের অভিযোগে চলতি মাসের শুরুতে গ্রেপ্তার করা হয়েছিল অনিথা রাধাকৃষ্ণনকে। এবার বিজয়ের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়লেন জিআর মার্কণ্ডীয়ন। গ্রেপ্তারির পর তুতিকোরিনের পুলিশ সুপারের দপ্তরের জিজ্ঞাসাবাদ করা হয় মার্কণ্ডীয়নকে। এদিকে দলীয় বিধায়কের গ্রেপ্তারির পর সংশ্লিষ্ট থানার সামনে বিক্ষোভ ডিএমকে।

Advertisement

ঘটনার সূত্রপাত গত ১৮ জুলাই। ওইদিন একটি সভায় জিআর মার্কণ্ডীয়ন বলেন, “বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি বাবা খুঁজছেন। নির্লজ্জ মুখ্যমন্ত্রী। আমরা আপনাকে বিধানসভায় দেখে নেবো।” এখানেই না থেমে হুঁশিয়ারি দিয়ে মার্কণ্ডীয়ন বলেন, “তিনি (মুখ্যমন্ত্রী) বলছেন যে তিনি বিধানসভার দরজা বন্ধ করে দেবেন। তিনি যদি তা করেন, তবে তাঁর হাড়গোড় গুঁড়িয়ে দেওয়া হবে। তাঁকে বিধানসভা বন্ধ করতে দিন, দেখা যাক কী হয়।” এই বক্তব্যের পরেই বিজয়ের দল টিভিকের তরফে একটি ডিএমকে বিধায়কের বিরুদ্ধে একটি মামলা করা হয়। সেই মামলাতেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

Advertisement

উল্লেখ্য, অনিথা রাধাকৃষ্ণনের বিরুদ্ধেও ‘আপত্তিকর’ তথা ‘মানহানিকর’ মন্তব্যের অভিযোগ উঠেছিল। গত ২০ জুন ছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির জন্মদিন। সেই উপলক্ষে তিরুচেন্দুরের কাছে আথুরে একটি সভায় যোগ দেন রাধাকৃষ্ণন। সেখানে নিজের ভাষণে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর নামে ‘মানহানিকর’ মন্তব্য করেন তিনি। ওই ঘটনায় ডিএমকে বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। মাদ্রাজ হাই কোর্ট ডিএমকে নেতার অন্তর্বর্তীকালীন জামিন বাতিল করার পরই গ্রেপ্তার করা হয়েছিল অনিথা রাধাকৃষ্ণনকে।

Advertisement

অভিযোগ, ডিএমকে নেতা বিজয়ের চেহারা এবং সিনেমার জগৎ থেকে রাজনীতিতে আসা নিয়ে উপহাস করেছেন। রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বিধানসভায় আলোচনার সময় ডিএমকে বিধায়ক এস অস্টিন এবং মুখ্যমন্ত্রীর মধ্যে সাম্প্রতিক এক বিতর্কের কথা উল্লেখ করে রাধাকৃষ্ণন বলেন, মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তাক করে অস্টিন জিজ্ঞেস করেছিলেন, ‘তুমি কি মুখ খুলে কথা বলবে না?’ তখন মুখ্যমন্ত্রীকে দেখে মনে হচ্ছিল কোনও ফাঁদে আটকা পড়েছেন বুঝি। যেন মনে মনে বলছেন, ‘আমি কীভাবে এখানে আটকা পড়লাম? বাড়িতে একজন অভিনেত্রীর সঙ্গে কত না সুখেই ছিলাম! এখন ফাঁদে আটকে পড়েছি।’ নতুন করে আরও এক ডিএমকে নেতার গ্রেপ্তারির পরে শাসকের বিরুদ্ধে তোপ দাগছে বিরোধী দলগুলি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.