Meghalaya

মাটিতে পুঁতে দেওয়া হল সদ্যোজাতকে! উদ্ধার করে হাসপাতালে ছুটল স্কুলপড়ুয়ারা

সম্প্রতি একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিষয়টি সামনে আসে। এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ১৭:২৫

options
link
মাটিতে পুঁতে দেওয়া হল সদ্যোজাতকে! উদ্ধার করে হাসপাতালে ছুটল স্কুলপড়ুয়ারা
প্রতীকী ছবি।

এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল মেঘালয়ের রি-ভোই জেলা। মাওহাটি এলাকায় জীবন্ত অবস্থায় এক সদ্যোজাতকে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে। তাকে উদ্ধার করেছে এলাকার কয়েকজন স্কুলপড়ুয়া। সম্প্রতি একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিষয়টি সামনে আসে। এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকজন স্কুলপড়ুয়া মাওহাটি এলাকা দিয়ে যাওয়ার সময় সন্দেহজনক কিছু লক্ষ্য করে। তারা দেখে মাটির নিচে কিছু একটা পুঁতে রাখা হয়েছে। মাটি সরাতেই এক সদ্যোজাতকে দেখতে পায় তারা। পরিস্থিতির গুরুত্ব বুঝে ওই পড়ুয়ারা দ্রুত সদ্যোজাতকে উদ্ধার করে মাওহাটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।

Advertisement

চিকিৎসকরা জানিয়েছেন, স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার পর সদ্যোজাতর শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর ছিল। প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য নংপোর সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে ওই সদ্যোজাত আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তাঁকে কড়া নজরদারিতে রাখা হয়েছে। স্কুলপড়ুয়ারা দ্রুত পদক্ষেপ করায় সদ্যোজাতকে বাঁচানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। তাদের প্রশংসা করছেন স্থানীয়রা।

Advertisement

ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। কোন পরিস্থিতিতে সদ্যোজাতকে ফেলে রেখে মাটির নিচে পুঁতে দেওয়া হল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ভাইরাল ভিডিওটি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে দোষীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা রুজু করা হয়েছে। ঘটনার সম্পূর্ণ তদন্ত চলছে। সদ্যোজাতর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন চিকিৎসকরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.