Aroop Biswas

তদন্তে সহযোগিতার পুরস্কার! মেসিকাণ্ডে বড়সড় স্বস্তি অরূপ বিশ্বাসের

এই মামলায় অরূপ ইতিমধ্যেই বার তিনেক বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিয়েছেন। অরূপ যে তদন্তে সহযোগিতা করছেন, সেটা আদালতে জানিয়েছেন রাজ্যের আইনজীবীরা।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৬, ১৬:৫৯

options
link
তদন্তে সহযোগিতার পুরস্কার! মেসিকাণ্ডে বড়সড় স্বস্তি অরূপ বিশ্বাসের
ফাইল ছবি

মেসি কাণ্ডে আরও খানিকটা স্বস্তিতে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। তাঁর রক্ষাকবচের মেয়াদ অনেকটা বাড়িয়ে দিল কলকাতা হাই কোর্ট। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অরূপের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে না পুলিশ। মেসি মামলার পরবর্তী শুনানি ১৭ নভেম্বর।

Advertisement

হাই কোর্টের একক বেঞ্চ আগেই রক্ষাকবচ দিয়েছিল তাঁকে। সেই রক্ষাকবচই আপাতত বহাল থাকছে। অরূপের রক্ষাকবচ বাতিলের দাবিতে শতদ্রু দত্তর করা মামলায় এখনই কোনও হস্তক্ষেপ করল না বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ। এদিন আদালতে মেসি কাণ্ড সম্পর্কিত দু’টি রিপোর্ট পেশ করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র। তিনি জানিয়ে দেন, তদন্তে সবরকমভাবে সহযোগিতা করছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। আদালত জানিয়ে দিয়েছে, অরূপের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে পারবে পুলিশ। তদন্ত শেষ হলে চার্জশিটও জমা করা যাবে। তবে ৩০ নভেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ করা যাবে না।

Advertisement

গত ডিসেম্বরে ভারত সফরে এসেছিলেন লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই তাঁকে সামনে থেকে একঝলক দেখার জন্য উদগ্রীব হয়েছিলেন ফুটবলপ্রেমীরা। মোটা টাকা খরচ করে টিকিটও কেনেন। কিন্তু চূড়়ান্ত বিশৃঙ্খলার কারণে সময়ের আগেই যুবভারতী ছাড়েন মেসি। তারপর ক্ষোভে ব্যাপক ভাঙচুর চালান দর্শকরা। এই ক্ষোভের কারণ ছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কারণ, ঘটনার দিন শুরু থেকে মেসির সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে মেসির সঙ্গে তাঁর একাধিক ছবি-ভিডিও। তাঁর পরিবার ও ঘনিষ্ঠদের সঙ্গেও মেসির ছবি দেখা যায়।

Advertisement

অব্যবস্থার অভিযোগে ঘটনার দিনই গ্রেপ্তার করা হয় মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু দত্তকে। তিনি ছাড়া পেতেই অরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন। বলেন, গা জোয়ারি করে, প্রভাব খাটিয়ে মেসির কাছাকাছি চলে গিয়েছিলেন অরূপ। সেই ঘটনার জল গড়িয়েছে আদালত পর্যন্ত। এই মামলায় অরূপ ইতিমধ্যেই বার তিনেক বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিয়েছেন। পুলিশি তলবে সাড়া দেওয়ার পুরস্কার হিসাবেই বারবার রক্ষাকবচ পাচ্ছেন তিনি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.