Jadavpur University

যাদবপুরে আর যত্রতত্র দেওয়াল লিখনে ‘না’! ‘জাতীয় সংহতি’ বজায় রাখতে খোলা চিঠি উপাচার্যের

বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক, গবেষক, আধিকারিক ও কর্মীদের কাছে যত্রতত্র দেওয়াল লিখন, গ্রাফিতি ও পোস্টার না লাগানোর আর্জি জানান উপাচার্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৬, ২১:৪৪

options
link
যাদবপুরে আর যত্রতত্র দেওয়াল লিখনে ‘না’! ‘জাতীয় সংহতি’ বজায় রাখতে খোলা চিঠি উপাচার্যের
ফাইল ছবি।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) দেওয়াল লিখন, গ্রাফিতি বা পোস্টার লাগানোর ক্ষেত্রে রাশ টানার আর্জি জানালেন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। মঙ্গলবার এই নিয়ে একটি খোলা চিঠি লিখেছেন তিনি। সেই চিঠিতে তিনি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক, গবেষক, আধিকারিক ও কর্মীদের কাছে যত্রতত্র দেওয়াল লিখন, গ্রাফিতি ও পোস্টার না লাগানোর আর্জি জানান। তবে তিনি জানান, মতপ্রকাশের অধিকার বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বেশ কয়েকটি জায়গা চিহ্নিত করে দেওয়া হবে। সেখানেই দেওয়াল লিখন বা গ্রাফিতি করা যাবে। কিন্তু সেক্ষেত্রেও দেওয়াল লিখনের ‘কনটেন্ট’ বা বিষয় নিয়ে সচেতন করে দিয়েছেন উপাচার্য।

Advertisement

চিঠিতে উপাচার্য জানিয়েছেন, জাতীয় আন্দোলনের আবহে গড়ে উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই শিক্ষা প্রতিষ্ঠানে মতপ্রকাশের স্বাধীনতা, আত্মনির্ভরতা ও গণতান্ত্রিক পরিবেশের এক দীর্ঘ ঐতিহ্য আছে। কিন্তু তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সৌন্দর্য, মর্যাদা ও পরিচ্ছন্নতা রক্ষা করা সকলের দায়িত্ব। তাই যত্রতত্র দেওয়াল লিখন ও গ্রাফিতি করা থেকে বিরত থাকার আর্জি জানান উপাচার্য। দেওয়াল লিখনের জন্য কয়েকটি নির্দিষ্ট স্থান চিহ্নিত করে দেওয়া হবে বলেও জানান তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এছাড়া দেওয়াল লিখনের বিষয় নিয়েও সতর্ক করে দিয়েছেন উপাচার্য। উস্কানিমূলক, কুরুচিকর কিংবা জাতীয় ঐক্য ও সংহতির পরিপন্থী এমন কোনও বক্তব্য যেন না থাকে। কোনও ব্যক্তি বা গোষ্ঠীর অনুভূতি ও মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কিছু লেখা বা গ্রাফিতি করা যাবে না। কোনও দেওয়াল লিখনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ যাতে নষ্ট না হয় সেই বিষয়ে সতর্ক করে দেন উপাচার্য।

Advertisement

উল্লেখ্য, কয়েকদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ও বাম ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গত কয়েকদিন ধরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ক্যাম্পাসের বিভিন্ন দেওয়ালে ‘দেশবিরোধী’ স্লোগান লেখা আছে বলে অভিযোগ করেছে বিজেপি ও এবিভিপি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দেওয়ালে ‘কিষেনজি রেল স্যালুট’ লেখা থাকায় হুঁশিয়ারি দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই শুরু হয় পদক্ষেপ। রবিবার ক্যাম্পাসের সব ‘বিতর্কিত’ দেওয়াল লিখন চুনকাম করে দেওয়া হয়। যদিও পরে সেই চুনকামের উপর ফের কার্ল মার্কসের উক্তি লেখেন বাম, অতিবাম সংগঠনের সদস্যরা। এরপরই দেওয়াল লিখন ও গ্রাফিতি নিয়ে পড়ুয়া, কর্মী, অধ্যাপক-সহ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত সকলকে সতর্ক করে দিলেন উপাচার্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.