Biryani Butter Spread Recipe

মাখনে বিরিয়ানির স্বাদ! জনপ্রিয় শেফের ‘স্প্রেড’ রেসিপি বাড়িতেই বানিয়ে ফেলুন

মুচমুচে করে ভাজা টোস্ট তো বটেই। রুটি, পরোটার সঙ্গেও দিব্যি লাগবে এই স্প্রেড। বাড়িতে কাবাব বানালে তার ওপর ছড়িয়ে দেওয়া যাবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১৮:৫৯

options
link
মাখনে বিরিয়ানির স্বাদ! জনপ্রিয় শেফের ‘স্প্রেড’ রেসিপি বাড়িতেই বানিয়ে ফেলুন
পদ্ধতি শিখে নিতে পারলে এই সুস্বাদু মাখনের স্প্রেড তৈরি নিতান্তই সহজ।

বিরিয়ানি খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। সুগন্ধি চাল, মশলা, বেরেস্তা আর জাফরানের মিশেলে তৈরি এই পদ মনে ভাবলেই জিভ জল আসে। বিরিয়ানি পাতে পড়া পরের কথা, গন্ধটুকু নাকে এলেই মন যেন উতলা হয়ে ওঠে। বিরিয়ানি তো আর রোজ খাওয়া সম্ভব নয়, তবু প্রায়শই মন চায় এই অসামান্য স্বাদু খাবারের সুঘ্রাণ নিতে।

Advertisement

এই সমস্যার সমাধান করতেই শেফ নমন গুলাটি এক অভিনব রেসিপি তৈরি করেছেন। বিরিয়ানি নয়, বিরিয়ানির গন্ধযুক্ত এক ‘বাটার স্প্রেড’ তৈরির পদ্ধতি (Biryani Butter Spread Recipe) জানিয়েছেন তিনি। ঠিকঠাক পদ্ধতি মেনে বিরিয়ানি বানাতে যেখানে ঘণ্টার পর ঘণ্টা লেগে যায়, এই ‘স্প্রেড’ বানাতে সেখানে সময় লাগে খুবই কম।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Chef Naman Gulati’s unique biryani butter spread recipe

Advertisement

তবে রেসিপি জানার আগে জেনে নিতে হয় ‘স্প্রেড’ ঠিক কী। যে কোনও ধরনের রুটি বা পাউরুটির ওপর চামচ বা ছুড়ি দিয়ে মাখিয়ে নেওয়া যায় যা, তা-ই স্প্রেড। ফলে মাখন যেমন স্প্রেড, তেমনই মেয়োনিজও। বাজারে আরও নানা স্বাদের স্প্রেড কিনতে পাওয়া যায়। সর্ষে, টোম্যাটো কিংবা সবজির টুকরো দেওয়া স্প্রেড ছোট বড় সকলের মধ্যেই দ্রুত জনপ্রিয়তা লাভ করছে। কেবল ঝাল নয়, গলানো চকোলেটের স্বাদের স্প্রেডের চাহিদাও তুমুল।

তা বলে বিরিয়ানির স্বাদ! সত্যিই কি তা এত সহজে তৈরি করা সম্ভব? রইল প্রণালী।

প্রথমে ছয়-সাতটি পিঁয়াজ পাতলা করে কেটে নিতে হবে। তেলে ভেজে সোনালি ও মুচমুচে বেরেস্তা বানাতে হবে তা দিয়ে। চাইলে এয়ারফ্রায়ারেও করা যায়। সেক্ষেত্রে সামান্য তেল ব্রাশ করে নিলেই হবে। কড়ায় বেরেস্তা বানালে, তা নামানোর পর একই তেলে চার থেকে পাঁচটি রসুনের কোয়া ভেজে নিতে হবে। অন্যদিকে, এক টেবিলচামচ দুধে এক চিমটি জাফরান ভিজিয়ে রাখতে হবে।

এবার বেরেস্তা, ভাজা রসুন, পুদিনাপাতা ও জাফরান ব্লেন্ডারে মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। এই পেস্টের সঙ্গে মেশাতে হবে এক টেবিলচামচ বিরিয়ানি মশলা, এক চা-চামচ গোলাপ জল ও স্বাদমতো নুন। এরপর ৫০০ গ্রাম আনসল্টেড মাখন গলিয়ে নিন। তার সঙ্গে বাকি সবকিছু উপাদান ভালোভাবে মিশিয়ে নিতে হবে। রান্নাঘরের একপাশে তা ঢাকা দিয়ে রেখে দিলে একটা সময়ের পর দেখা যাবে মাখন জমাট বেঁধে গিয়েছে। ফলে তৈরি হয়ে গিয়েছে বিরিয়ানির স্বাদে ভরপুর বিশেষ বাটার স্প্রেড।

মুচমুচে করে ভাজা টোস্ট তো বটেই। রুটি, পরোটার সঙ্গেও দিব্যি লাগবে এই স্প্রেড। বাড়িতে কাবাব বানালে তার ওপর ছড়িয়ে দেওয়া যাবে। বাটার চিকেন বা চিকেন রোল বানানোর সময়, একগাদা মশলা প্রস্তুত করার দরকার নেই। পরিমাণমতো এই বাটার স্প্রেড মিশিয়ে নিলেই কেল্লাফতে। এই সহজ রেসিপি চাইলেই বাড়ির রান্নাঘরে বানিয়ে ফেলতে পারেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.