‘ফুলসজ্জা কূপ’ নিয়ে তোলপাড়, জানেন, দেশের এসব রাজকীয় ট্রেনে মেলে পাঁচতারা হোটেলের পরিষেবা!
ভারতের রাজকীয় ট্রেনগুলিতে চড়তে কত খরচ পড়ে?
চাইলে বিলাসবহুল ট্রেন সফর উপভোগ করতে পারেন আপনিও। যা দেখলে বোঝাই যাবে না রাজপ্রাসাদ নাকি পাঁচতারা হোটেল। এলাহী আসবাবপত্র থেকে ক্যাফে, সুন্দর গালিচা কী নয় সেখানে। সঙ্গে রয়েছে টিভি এবং ইন্টারনেটের ব্যবস্থা। কোন ট্রেনে চড়লে এই সুবিধা পাবেন? মহারাজা এক্সপ্রেস, প্য়ালেস অন হুইলস, দ্য গোল্ডেন চ্যারিয়ট, ডেকান ওডিসি, রয়্যাল রাজস্থান অন হুইলস, দ্য বুদ্ধিস্ট সার্কিট ট্রেন।
আরও পড়ুন:
বিশ্বের বিলাসবহুল ট্রেনগুলির একেবারে প্রথমেই রয়েছে মহারাজা এক্সপ্রেস। ২৩ বগির এই ট্রেনে মোট চার ধরনের কেবিন। ডিলাক্স, প্রেসিডেন্সিয়াল স্যুট, স্যুট এবং জুনিয়র স্যুট। ফলস সিলিং, মার্বেলের মেঝে, দামি আসবাবপত্র, সিল্কের চাদর, সুন্দর পেন্টিং দিয়ে সাজা। ট্রেনে বসে চাইলে টিভি দেখতে পারেন। ইন্টারনেট সুবন্দোবস্ত রয়েছে। রুপোর পালিশ করা বাসনে খাবার পরিবেশন করা হয়। স্নানঘরে বাথটবের বন্দোবস্ত। সফরের মাঝে স্পায়ের ব্যবস্থাও পাবেন।
রাজপুতদের রাজকীয় বাহনের আদলে তৈরি প্য়ালেস অন হুইলস। ট্রেনটি মূলত জয়পুর, উদয়পুর, যোধপুর এবং জয়সলমেঢ়ে যাতায়াত করে। এই ট্রেনটি রাজস্থানের বিভিন্ন প্রদেশের থিমে সাজানো হয়েছে। ট্রেনে মার্বেলের মেঝে। লাউঞ্জ, ফাইন ডাইনিং, ক্যাফে থেকে ডিলাক্স কেবিন - কী নেই সেখানে। দিল্লি, জয়পুর হয়ে উদয়পুর, জয়সলমেঢ় আগ্রা হয়ে ফের দিল্লিতে ফেরে ট্রেনটি। টিকিট ৬ লক্ষ টাকা থেকে ২৩ লক্ষ টাকা।
মায়সুরু এবং হোয়সলা মন্দিরের আদলে সাজানো দ্য গোল্ডেন চ্যারিয়ট। ট্রেনে মোট ১১টি বগি এবং ৪৪টি কেবিন। ট্রেনের রেস্তরাঁয় খাবারে পুরোদস্তুর দক্ষিণী ছোঁয়া। সেখানকার আঞ্চলিক খাবারও চাইলে আপনি চেখে দেখতে পারেন। ট্রেনের ভিতর আপনি চাইলে দক্ষিণ ভারতের সাবেক পোশাকেও সাজতে পারেন। সঙ্গে রয়েছে নাচগানের সুবন্দোবস্ত। এই ট্রেনে মোট দু'টি রুট প্রাইড অফ কর্নাটক এবং জুয়েলস অফ সাউথ রুটে যাতায়াত করতে পারেন। খরচ ২-৪ লক্ষ টাকা।
আরও পড়ুন:
বিলাসবহুল ট্রেনে নানা প্রান্তে ঘুরে বেড়াতে চাইলে ডেকান ওডিসি ট্রেনই হতে পারে আপনার একমাত্র ভরসা। বিলাসবহুল স্যুট, কেবিন থেকে ফাইন ডাইনিং - সব কিছুর সুবন্দোবস্ত। প্রতিটি কেবিনের জন্য থাকে একজন অ্যাটেনডেন্ট। দিল্লি থেকে আগ্রা, জয়পুর, উদয়পুর, যোধপুর, জয়সলমেঢ় দিল্লি হয়ে ৮ দিন ৭ রাত ঘুরে বেড়াতে পারেন। আবার আরেকটি পথে মুম্বই, নাসিক, ইলোরা গুহা, অজিণ্ঠা গুহা, গোয়া হয়ে মুম্বই পৌঁছতে পারেন। খরচ ৭-২০ লক্ষ টাকা।
৩৬টি ডিলাক্স কেবিন, ২টি স্যুট কেবিন, ৩টি সুপার ডিলাক্স কেবিন এবং ১টি প্রেসিডেন্সিয়াল স্যুট রয়েছে রয়্যাল রাজস্থান অন হুইলস ট্রেনে। ১৩টি কোচের এই ট্রেনের কেবিন যেন হোটেলের ঘরকেও হার মানায়। এই ট্রেনের সাজসজ্জা রাজস্থানি ঘরানার। রেস্তরাঁ থেকে পানশালা কী নেই সেখানে। ট্রেন সফরে খরচ পড়তে পারে ৬-১৭ লক্ষ টাকা।