Sourav Ganguly

বুধবারই বাড়ি ফিরছেন সৌরভ, ক্রিকেট খেলতেও বাধা নেই, জানালেন ডা. দেবী শেঠী

কেন সৌরভের মতো ফিট তারকার হার্ট হ্যাটাক হল? ব্যাখ্যা দিলেন বিশিষ্ট চিকিৎসক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৫, ২০২১, ১২:৫৪

options
link
বুধবারই বাড়ি ফিরছেন সৌরভ, ক্রিকেট খেলতেও বাধা নেই, জানালেন ডা. দেবী শেঠী
ফাইল চিত্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পূর্ণ সুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবারই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন। বাড়ি ফিরেই কাজে যোগ দিতেও কোনও বাধা নেই তাঁর। মঙ্গলবার গোটা দেশকে স্বস্তি দিয়ে এমনটাই জানিয়ে দিলেন ডা. দেবী শেঠী।

Advertisement

এদিন উডল্যান্ডস হাসপাতালে সৌরভের (Sourav Ganguly) শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখেন দেবী শেঠী এবং মেডিক্যাল টিম। তারপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশিষ্ট চিকিৎসক জানিয়ে দেন, ভাল আছেন মহারাজ। হার্টের বাকি দুটি ব্লকেজ দূর করতে আপাতত অ্যাঞ্জিওপ্লাস্টির আর কোনও প্রয়োজন নেই। ভবিষ্যতে প্রয়োজন মনে হলে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্তত দু’সপ্তাহ এ নিয়ে আর কোনও উচ্চবাচ্য করার দরকারই নেই। ডা. দেবী শেঠীর কথায়, “সৌরভ এমনিই শরীর স্বাস্থ্যের খেয়াল রাখে। রুটিন মেনে খাওয়া দাওয়া করে। তাই ওর মতো অ্যাথলিটের আপাতত অ্যাঞ্জিওপ্লাস্টির প্রয়োজন নেই। বাড়ি ফিরেই কাজে যোগ দিতে পারবে। আপনাদের জানিয়ে রাখি, ও এখন এতটাই ফিট যে ইচ্ছা করলে ক্রিকেটও খেলতে পারবে আবার ম্যারাথনেও অংশ নিয়ে পারে। শুধু তাই নয়, ইচ্ছা হলে প্লেনও ওড়াতে পারবে সৌরভ। এখন বাইপাস অপারেশন হওয়া রোগীরাই স্বাভাবিক জীবনে সবকিছু করতে পারেন। সৌরভ তো এমনিই ফিট। তাই চিন্তার কোনও কারণ নেই।”

Advertisement

[আরও পড়ুন: অজিদের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রাহুল, জোর ধাক্কা ভারতীয় শিবিরে]

কিন্তু হঠাৎই কেন মাইল্ড হার্ট অ্যাটাক হল সৌরভের? রীতিমতো শরীরচর্চা করেন। লাগামহীন খাওয়া-দাওয়া করেন না। মদ্যপান করেন না। এমনকী ধূমপানও নয়। তাহলে কেন এমনটা হল তাঁর? সে ব্যাখ্যাও দিলেন বিশিষ্ট চিকিৎসক। ডা. দেবী শেঠী বলেন, “ভারতীয়দের মধ্যে এই বিষয়টা বেশি করে লক্ষ্য করা যায় যে একজন সুস্থ ব্যক্তিরও আচমকা কার্ডিয়াক অ্যারেস্ট হল। সৌরভের ঘটনাই আমাদের নতুন করে সেই শিক্ষা দিল। আসলে এই সমস্যা থেকে দূরে থাকার রাস্তা একটাই। বছরে দু-একবার অন্তত কার্ডিয়াক ও বডি চেক-আপ করাতে হবে। সমস্ত শরীর সঠিকভাবে কাজ করছে কি না, জেনে নেওয়া জরুরি। তাহলে এমন ঘটনা অনেকটাই এড়ানো সম্ভব।”

Advertisement

এরপরই ডা. দেবী শেঠীকে প্রশ্ন করা হয়, এই অবস্থার পর কি সৌরভের পক্ষে রাজনীতির চাপ নেওয়া সম্ভব? কারণ গত কয়েক মাস ধরেই মহারাজের রাজনীতির আঙিনায় পা রাখা নিয়ে জল্পনা চলছে। এ প্রশ্নের জবাব অবশ্য এড়িয়েই যান চিকিৎসক। জানিয়ে দেন, এই সিদ্ধান্ত সৌরভের উপরই ছাড়ছেন তিনি।  

[আরও পড়ুন: অভিষেকেই বাজিমাত করলেন ব্রাইট, দলের নবাগত স্ট্রাইকারকে নিয়ে কী বললেন রবি ফাউলার?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.