IND vs SL

ফলো-অন বাঁচানোর যুদ্ধে শ্রীলঙ্কার ‘বন্ধু’ বৃষ্টি, দ্বিতীয় টেস্টে ভারতের অ্যাডভান্টেজেও চিন্তা কোথায়?

এই টেস্টেও শ্রীলঙ্কার সোনাল দিনুশা ফের 'বুঁদিগড়' রক্ষা করে চলেছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ১৮:১১

options
link
ফলো-অন বাঁচানোর যুদ্ধে শ্রীলঙ্কার ‘বন্ধু’ বৃষ্টি, দ্বিতীয় টেস্টে ভারতের অ্যাডভান্টেজেও চিন্তা কোথায়?
শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেটের আবেদন ভারতের মানব সুথারের।

শ্রীলঙ্কায় দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেও ভারতের দাপট অব্যাহত। কিন্তু বিরাট চিন্তাও থাকছে। একে তো বৃষ্টির জন্য বারবার ম্যাচ বিঘ্নিত হচ্ছে। তার উপর এই টেস্টেও সোনাল দিনুশা ফের ‘বুঁদিগড়’ রক্ষা করে চলেছেন। নাহলে হয়তো এতক্ষণে ফলো-অন হয়ে দ্বিতীয়বার ব্যাট করতে নামতে হত শ্রীলঙ্কাকে। ভারতের ৫০৩ রানের জবাবে শ্রীলঙ্কার রান ৮ উইকেট হারিয়ে ২৬৫। ফলো-অন বাঁচাতে দরকার ৩৮ রান। তবে চিন্তা থাকছে শুভমান গিলদের। কীভাবে শ্রীলঙ্কার ‘লেজ’ খসিয়ে দিতে হবে, সেই সমস্যার সমাধান করতেই হবে। আর এই টেস্টে জয় না পেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমস্ত আশাভরসা কলম্বোতেই শেষ হয়ে যাবে।

Advertisement

প্রথম দিনের শেষে ৫ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান ছিল ৩০০। দ্বিতীয় দিনের একটা দীর্ঘ সময় বৃষ্টির জন্য নষ্ট হয়েছিল। প্রথমে দেবদত্ত পাড়িক্কল সেঞ্চুরি করেন। পরে ধ্রুব জুরেল সেঞ্চুরি করে ‘জয় জওয়ান, জয় কিষান’ বার্তা দেন। নজির গড়েন ঋষভ পন্থও। ৫০৩ রান তুলে ডিক্লেয়ার ঘোষণা করেন শুভমান গিল। দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার রান ২ উইকেট হারিয়ে ছিল ৮। তৃতীয় দিনের শুরুতে কামিল মিশারার উইকেট তুলে নেন প্রসিদ্ধ কৃষ্ণ। এই সিরিজে প্রসিদ্ধ নিজের ‘দুর্নাম’ ঘোচানোর আপ্রাণ চেষ্টা করছেন। এদিন ৩ উইকেট পেয়েছেন। অন্যদিকে মানব সুথার এই টেস্টেও ধারাবাহিক। তাঁর ঝুলিতেও তিন উইকেট। তবে উইকেট পাননি অভিষেক হওয়া সারাংশ জৈন।

Advertisement

তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কার রান ৮ উইকেট হারিয়ে ২৬৫। ফলোঅন বাঁচাতে দরকার এখনও ৩৮ রান। পাসিন্দু সূর্যবন্দর ৮০ রান করেন। আর লড়ে যাচ্ছেন সোনাল দিনুশা। আগের টেস্টে সেঞ্চুরি করেছিলেন। শ্রীলঙ্কার দুর্বল ব্যাটিংয়েও সাত নম্বরে নেমে ভরসা দিচ্ছেন। অপরাজিত আছেন ৮৫ রানে। ৬টা ছয় ও দুটো ছক্কা হাঁকিয়েছেন। বল অনেকটা দেরিতে খেলছেন। ফলে স্পিন হোক বা পেস, সামলাতে খুব একটা অসুবিধা হচ্ছে না। শেষের দিকে রীতিমতো আক্রমণাত্মক ব্যাটিং করেন। কেন তাঁকে আরও উপরে ব্যাট করানো হচ্ছে না, সেটা প্রশ্ন।

Advertisement

হতাশ করল ভারতীয় বোলিংও। সোনাল একটা দিক সামলে খেললেন ঠিকই। কিন্তু মহম্মদ সিরাজরা কেন টানা শর্ট বল করে গেলেন? যেখানে পিচে আর মুভমেন্ট নেই। সারাংশরাও ক্রমাগত স্টাম্পে বল করে গেলেন। প্রথম স্পেলে তবু কিছুটা চাপ তৈরি করেছিলেন, দ্বিতীয় স্পেলে সেটাও নেই। তার উপর যখন-তখন বৃষ্টি। ভারতের জন্য একটাই ভরসা- নতুন বল। চতুর্থ দিন সকালে সেটা কাজে না লাগাতে পারলে চাপ বাড়বে। ফলো-অন করাতে পারলে টেস্টজয়ের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আর যদি দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে হয়, তাহলে বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ায় ফের শ্রীলঙ্কাকে অলআউট করার ঝুঁকিও নিতে হবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.