India vs Japan T20I

বিহারের দুই ‘ভাই’ বৈভব-ঈশানের সঙ্গে দেখা করতে চান জাপানের ‘বিহারি’ ক্রিকেটার

ভারত-জাপান কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই ম্যাচ নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১৭:৫৭

options
link
বিহারের দুই ‘ভাই’ বৈভব-ঈশানের সঙ্গে দেখা করতে চান জাপানের ‘বিহারি’ ক্রিকেটার
বৈভব, ঈশানের সঙ্গে দেখা করতে উদগ্রীব অভিষেক আনন্দ (বাঁদিক)।

জন্ম বিহারে। ক্রিকেটের টানে পাড়ি দিয়েছিলেন জাপানে। সেই জাপানেরই জার্সি গায়ে এবার তাঁর সামনে টিম ইন্ডিয়া। এমন ঐতিহাসিক মুহূর্তে ‘বিহারি ভাই’ বৈভব সূর্যবংশী এবং ঈশান কিষানের সঙ্গে দেখা করার জন্য আর তর সইছে না জাপানের ক্রিকেটার অভিষেক আনন্দ। এশিয়ান গেমসে নামার আগে জাপানের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলবে ভারত (India vs Japan T20I)। ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার সানোর মাঠে হওয়ার কথা সেই ম্যাচ।

Advertisement

ভারত-জাপান কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই ম্যাচ নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে। সমস্ত টিকিট ইতিমধ্যেই বিক্রি। এই ম্যাচকে কেন্দ্র করে জাপানের সাধারণ মানুষের মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ানোরও চেষ্টা চলছে। তবে ঐতিহাসিক সেই ম্যাচে জাপান দলে জায়গা হয়নি অভিষেকের। এশিয়ান গেমসের দলেও নেই তিনি। তবে দলের সঙ্গেই থাকবেন। সেই সুযোগে ভারতীয় দলের দুই বিহারি ক্রিকেটারের সঙ্গে দেখা করতে উদগ্রীব অভিষেক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তিনি বলেন, “সকলেরই প্রিয় বৈভব সূর্যবংশী। তবে ভারতীয় দলের প্রত্যেক ক্রিকেটারই সমান ভালো। অবশ্যই আমার বিহারি ভাই ঈশান কিষান এবং বৈভবের সঙ্গে দেখা করতে চাই।” টি-টোয়েন্টিতে ইতিমধ্যেই বিস্ময় জাগিয়েছে টিম ইন্ডিয়ার ১৫ বছরের বিস্ময় প্রতিভা। সূর্যবংশীর ‘বৈভবে’ মুগ্ধ আট থেকে আশি, সকলে। এত কম বয়সে তার পরিণতবোধ অবাক করে দেওয়ার মতো। তার ব্যাটিংয়ে মুগ্ধ অভিষেকও। আইচি প্রিফেকচারের নিশিন শহরের কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমস ক্রিকেটের আসর বসবে। কেবল সানো নয়, সেখানেও বৈভব-ঈশান-সহ ভারতীয় দলের সঙ্গে দেখা হওয়ার আশায় তিনি। অভিষেকের কথায়, “ভারতীয় দলকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই ম্যাচের জন্যও মুখিয়ে। আশা করি, ভারত ও জাপানের বন্ধুত্ব আরও দৃঢ় হবে। ভবিষ্যতে দু’দেশের ক্রিকেটও আরও এগিয়ে যাবে।”

Advertisement
Abhishek Anand, an India-born Japan cricketer, will play in the India vs Japan T20I
অভিষেক আনন্দ। ফাইল ছবি।

ক্রিকেটের টানেই অবশ্য ভারত থেকে জাপানে চলে যাওয়া অভিষেকের। আইআইটি কানপুর থেকে এমএ করেছেন। কলেজে পড়ার সময় জাপানি সংস্থা অ্যাকসেঞ্চারে চাকরির সুযোগ পান তিনি। “জাপান যাওয়াটা ছিল অবিশ্বাস্য! কখনও ভাবিনি যে একদিন জাপান জাতীয় দলের হয়ে খেলব,” বলছেন অভিষেক। কলেজে তখন বিভিন্ন সংস্থার নিয়োগ চলছিল। জাপানের কয়েকটি সংস্থাও এসেছিল ক্যাম্পাসে। বিদেশে চাকরি করার কোনও পরিকল্পনাই ছিল না অভিষেকের। তবু কৌতূহল থেকেই ইন্টারভিউ দিয়েছিলেন। নির্বাচিত হওয়ার পর তাঁকে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দেওয়া হয়েছিল মাত্র দু’ঘণ্টা। তাঁর সংযোজন, “আমার বিদেশ যাওয়ার কোনও পরিকল্পনা ছিল না। ভারতে থেকেই চাকরি করার পাশাপাশি ক্রিকেট চালিয়ে যেতে চেয়েছিলাম। তাই ওই দু’ঘণ্টায় অনেক ভেবেছিলাম। জাপানে যাব কি না।”

শেষ পর্যন্ত ক্রিকেটই সিদ্ধান্তটা সহজ করে দেয়। জাপানে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে খোঁজখবর শুরু করেন তিনি। সেই সময় জাপান দল পূর্ব এশিয়া-প্যাসিফিক বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে জায়গা করে নেয়। অভিষেকের মন্তব্য, “জাপানের ক্রিকেট নিয়ে তথ্য খুঁজতে গিয়ে দেখলাম, সে বছর জাপান দল পূর্ব এশিয়া-প্যাসিফিক বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলছে। তখন মনে হল, জাপানেও ক্রিকেটের একটা ভবিষ্যৎ রয়েছে। তাই দু’ঘণ্টা ধরে খোঁজখবর নেওয়ার পর চাকরির প্রস্তাব গ্রহণ করি। চলে আসি জাপানে।” জাপানে এসে টোকিও ফ্যালকন ক্রিকেট ক্লাবে খেলতে শুরু করেন অভিষেক। প্রথম তিন বছর ভালো পারফরম্যান্সের পর আসে জাতীয় দলে সুযোগ। এখন সেই জার্সিতেই জন্মভূমির জাতীয় দলের সঙ্গে দেখা করার অপেক্ষায় অভিষেক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.