‘স্টার’ বানিয়েছিলেন নীরজকে, সামলেছেন আইপিএল এবার ইস্ট-মোহনদের হাল ফেরাবেন ‘মাস্টারমাইন্ড’ করণ
তিনশো কোটিরও বেশি মূল্যের ব্যবসা সামলে এবার করণ নতুন ইনিংস শুরু করবেন ভারতীয় ফুটবলে।
ক্রীড়াপ্রেমীদের কাছে করণ সেরকম পরিচিত নাম নন। তবে পর্দার নেপথ্যে থেকে ভারতের ক্রীড়াদুনিয়ায় বিরাট অবদান রয়েছে তাঁর। এতদিন নানা ধরনের দায়িত্ব সামলালেও করণের কেরিয়ারের শুরুটা হয়েছিল ফুটবল দিয়ে। ২০১০ সালে স্রেফ ফুটবল সংক্রান্ত লেখা প্রচার করার জন্য তিনি তৈরি করেন TheHardTackle.com নামে এক ওয়েবসাইট। বিশ্বের নানা প্রান্তের ৫০ জন লেখক এবং ১০ জন সম্পাদক নিয়ে কাজ করতেন করণ।
আরও পড়ুন:
প্রায় আটবছর এই সংস্থা সামলেছেন। তারপর লেখালেখির দুনিয়া থেকে ধীরে ধীরে করণ পা রাখলেন স্পোর্টস ম্যানেজমেন্টে। ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত অ্যাকো সংস্থা নানা পার্টনারশিপ সামলাতেন। সেখানে দারুণ কাজ করেই ক্রীড়াদুনিয়ার নজরে চলে আসেন করণ। ২০২৩ সালে জেএসডব্লিউ স্পোর্টসের চিফ কমার্শিয়াল অফিসার পদে বসেন। দেশের প্রথমসারির খেলাধুলার সঙ্গে করণের ওতপ্রোতভাবে জড়িয়ে পড়া সেখান থেকেই।
এই জেএসডব্লিউ স্পোর্টসের অধীনে রয়েছে আইপিএলে খেলা দিল্লি ক্যাপিটালসের পুরুষ এবং মহিলা দল। কেএল রাহুল, অক্ষর প্যাটেল, জেমিমা রডরিগেজ, শেফালি ভার্মার মতো তারকারা খেলেন দিল্লি ক্যাপিটালসে। এছাড়াও বেঙ্গালুরু এফসিও রয়েছে জেএসডব্লিউ স্পোর্টসের অধীনে, যে দলে রয়েছেন সুনীল ছেত্রীর মতো কিংবদন্তি। তিনবছরেরও বেশি সময় ধরে জেএসডব্লিউ স্পোর্টসের নানা ব্যবসায়িক দিক সামলেছেন করণ।
স্রেফ দলগত খেলা নয়, করণ কাজ করেছেন নীরজ চোপড়ার সঙ্গেও। ভারতে জ্যাভলিন থ্রো সেরকম পরিচিত ছিল না। ২০২০ অলিম্পিকে নীরজের সোনাজয়ের পর ছবিটা বদলাতে থাকে। সেসময়েই 'ব্র্যান্ড নীরজ' গড়ে তোলার দায়িত্ব নেন করণ। বিজ্ঞাপন, জনপ্রিয়তা ইত্যাদি থেকে যেন অলিম্পিক সোনাজয়ীর আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত হয়, সেই লক্ষ্যে কাজ করেছেন তিনি। নীরজ চোপড়া ক্লাসিক টুর্নামেন্টও তাঁরই মস্তিষ্কপ্রসূত।
আরও পড়ুন:
তিনশো কোটিরও বেশি মূল্যের জেএসডব্লিউ স্পোর্টস সামলে এবার করণ নতুন ইনিংস শুরু করবেন আইএসএলে। দেশের একনম্বর লিগ হওয়া সত্ত্বেও আর্থিক সমস্যায় বারবার জেরবার হয়েছে এই টুর্নামেন্ট। বেশ কঠিন সময়ে লিগের দায়িত্ব নিলেন করণ। স্রেফ আইএসএল পরিচালনা নয়, লিগের আর্থিক দিকটাও সামলাতে হবে তাঁকে। সম্প্রচার সত্ত্ব, স্পনসরশিপের ব্যবস্থা করা থেকে শুরু করে লিগের আর্থিক সাফল্যও যতটা সম্ভব নিশ্চিত করতে হবে।
নতুন চ্যালেঞ্জ নিয়ে করণ বলছেন, "আইএসএল চালানোর দায়িত্ব থাকবে ক্লাবের হাতেই। ফলে লিগের ম্যানেজমেন্টের সঙ্গে ক্লাবের যোগাযোগের ভিত্তি অনেকটাই শক্ত হবে। আপাতত আমাদের লক্ষ্য লিগের আর্থিক অবস্থা সচ্ছল করা, যথাযথ সম্প্রচারের ব্যবস্থা করা। ফ্যানদের সঙ্গেও যোগাযোগ বাড়াতে হবে যেন ক্লাবগুলির উন্নতি হতে পারে। এমন একটা লিগ তৈরি করতে হবে সকলে মিলে যেন ভারতীয় ফুটবল এগিয়ে যেতে পারে।"