ভারতীয় ক্রিকেটে শেষ আগরকর জমানা! উত্তরসূরি হিসাবে ভাসছে ৫ প্রাক্তন ক্রিকেটারের নাম
তাঁর অপসারণ স্রেফ সময়ের অপেক্ষা মাত্র।
কিন্তু কেন তাঁর চুক্তি নবীকরণ করা হল না? দু’টো কারণ যার নেপথ্যে পাওয়া যাচ্ছে। এক, রোহিত শর্মাকে নিয়ে অহেতুক ‘বিবাদ’। তাঁকে অবসর নিতে চাপ দেওয়া। দুই, সেন্টার অফ এক্সেলেন্স প্রধান ভিভিএস লক্ষ্মণের সঙ্গে মতান্তর। যা ভালো ভাবে নেয়নি বোর্ড। যদিও বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছিলেন, আগরকরের বর্তমান মেয়াদ শেষ হতে ১৫ দিন বাকি। তাই এখনই কোনও সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন নেই।
আরও পড়ুন:
যা খবর, আগরকরের পরিবর্ত হিসাবে নাকি দু’টো নামও ইতিমধ্যে ভেবে ফেলা হয়ে গিয়েছে। তাঁরা, প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার পার্থিব প্যাটেল। এবং প্রাক্তন বাঁ-হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। এঁদের দু’জনের মধ্যে একজন নাকি জাতীয় নির্বাচক প্রধান হয়ে যেতে পারেন। তবে উত্তরসূরি হিসাবে রয়েছেন লক্ষ্মণ, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়রাও। এই নামগুলো উঠে আসার নেপথ্যে যুক্তি কী?
প্রথমেই আসা যাক প্রজ্ঞান ওঝার কথায়। বর্তমানে তিনি আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির সদস্য। বোর্ডের অন্দরে ওঝার প্রভাব যথেষ্ট পোক্ত। তবে আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে তাঁর সম্পর্ক কতটা, তা স্পষ্ট নয়। সিস্টেমের সঙ্গে পরিচিতির কারণে দায়িত্বের জন্য তাঁকেই ‘সেফ চয়েজ’ বলে ভাবা হচ্ছে। তাঁর ঝুলিতে তিনবার আইপিএল জয়ের অভিজ্ঞতা। ঘরোয়া এবং ফ্রাঞ্চাইজি ক্রিকেটকে হাতের তালুর মতো চেনেন। যা তাঁর পক্ষে যেতে পারে।
প্রধান নির্বাচক পদের শর্টলিস্টে রয়েছে পার্থিব প্যাটেলের নাম। ভারতের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার এবং ক্রিকেট বিশ্লেষক পার্থিবকে এই পদের অন্যতম দাবিদার মনে করা হচ্ছে। গত বছর থেকেই তাঁকে নিয়ে আলোচনা রয়েছে। আইপিএল-সহ বিভিন্ন টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজিতে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। মুম্বই ইন্ডিয়ান্সের ট্যালেন্ট স্কাউট হিসাবেও কাজ করেছেন। প্রতিভা চেনার দক্ষতাই তাঁর অন্যতম বড় শক্তি বলে মনে করা হয়। তাঁর ঝুলিতেও তিনটি আইপিএল ট্রফি।
আরও পড়ুন:
গম্ভীর পরবর্তী জমানায় টিম ইন্ডিয়ার নতুন কোচ হিসাবে লক্ষ্মণের নাম শোনা যাচ্ছে। বেঙ্গালুরুর ‘সেন্টার অফ এক্সেলেন্স’-এর প্রধান লক্ষ্মণ এর আগে একাধিক বার অন্তর্বর্তী কোচের দায়িত্বও সামলেছেন। ফলে ভারতীয় দলের পরিবেশ তাঁর অজানা নয়। তবে বড় দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে লক্ষ্মণের আগ্রহ নিয়ে এখনও কিছুটা সংশয় রয়েছে। একই কারণে প্রধান নির্বাচক হিসাবে তিনি দায়িত্ব নেবেন না বলে মনে করা হচ্ছে।
ভারতীয় ক্রিকেটে কোচ এবং ক্রিকেটার হিসাবে অনিল কুম্বলের অবদান অনস্বীকার্য। অনেকেই মনে করছেন, গুরুত্বপূর্ণ এই পদে তাঁর নেতৃত্বগুণ কাজে আসতে পারে। গত কয়েক বছরে বড় কোনও দায়িত্বে দেখা যায়নি তাঁকে। ফলে ‘মিস্টার জাম্বো’-কে নির্বাচক প্রধান হিসাবে বেছে নেওয়া হলে অবাক হওয়ার কিছু থাকবে না। যদিও এই পদে প্রাক্তন লেগস্পিনারকে দেখা যেতে পারে, এমন কোনও জোরালো খবরও নেই।
রাহুল দ্রাবিড়কে এই দায়িত্বে আনা হলে তা ভালো সিদ্ধান্ত হতে পারে। নতুন প্রতিভা খুঁজে বের করার ক্ষেত্রে তাঁর দক্ষতা প্রশ্নাতীত। ক্রিকেট নিয়েও আধুনিক মনস্ক। ভারতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে। গৌতম গম্ভীর এবং দলের সিনিয়র ক্রিকেটাররা তাঁকে সম্মান করেন। এখন দেখার, বোর্ড তাঁকে এই দায়িত্ব নিতে রাজি করাতে পারে কি না।