বার্ষিক ৩০০০ কোটি কর দেয় বিসিসিআই, গম্ভীর-আগরকর-সহ সাপোর্ট স্টাফদের বেতন কত?
দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররাই বা কত বেতন পান?
বোর্ড কর্তাদের বক্তব্য, বিসিসিআই কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তার উপর নির্ভরশীল নয়। বরং উলটোটাই। বিসিসিআই স্বশাসিত। এবং সরকারকে প্রতিবছর মোটা অঙ্কের কর দেয়। সেই করের অঙ্কটা প্রায় ৩ হাজার কোটি টাকা। আসলে ভারতীয় বোর্ড বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড। বার্ষিক রোজগার প্রায় ১০ হাজার কোটি। এই টাকা থেকেই মূল খরচ চলে ভারতীয় ক্রিকেটের।
আরও পড়ুন:
প্রশ্ন হল এই বিপুল টাকা থেকে ক্রিকেটাররা কত পান? বোর্ড সূত্র বলছে, এই মুহূর্তে ক্রিকেটারদের তিনটি কেন্দ্রীয় চুক্তির স্ল্যাব রয়েছে। এ গ্রেডের ক্রিকেটাররা পান পাঁচ কোটি। বি গ্রেডে চুক্তিভুক্ত ক্রিকেটাররা পান ৩ কোটি। সি গ্রেডে চুক্তিবদ্ধরা পান ১ কোটি টাকা। এর বাইরে ম্যাচ ফি এবং দৈনিক খরচের ভাতা রয়েছে। সব মিলিয়ে শুধু জাতীয় দলে খেলেই ক্রিকেটারদের বিপুল রোজগার।
তবে সেই রোজগারকে ছাপিয়ে গিয়েছেন কোচ গৌতম গম্ভীর। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি-২০ বিশ্বকাপজয়ী কোচ বার্ষিক ১২ কোটি টাকা বেতন পান বোর্ড থেকে। অর্থাৎ তাঁর মাসিক রোজগার ১ কোটি টাকা করে। গম্ভীর বছর দুই আগে কেকেআরের মেন্টর পদ ছেড়ে জাতীয় দলে যোগ দেন। সেসময় গম্ভীর ২৫ কোটি টাকা রোজগার করতেন বলে খবর। জাতীয় দলে যোগ দিতে অনেকটাই আর্থিক ক্ষতি সহ্য করেছিলেন তিনি।
গম্ভীরের সহকারী হিসাবে এই মুহূর্তে কাজ করছেন রায়ান টেন দুশখাতে, মর্নি মর্কেল, টি দিলীপ, অ্যাড্রিয়ান লে রক্স। সহকারী কোচ, ব্যাটিং ও বোলিং কোচ পান ৩ কোটি টাকা করে। ফিল্ডিং কোচ টি দিলীপ এবং ফিজিও অ্যাড্রিয়ান ডে লা রক্স সম্ভবত ৫০ লক্ষ থেকে ১ কোটি টাকা বার্ষিক বেতন পান। এর বাইরে তাঁরাও সব সফরের দৈনিক খরচ পান।