Vaibhav Sooryavanshi

গেইলের রেকর্ড ভাঙল বৈভব ঝড়ে, ‘বস বেবি’র থেকে নজর ঘোরাতে পারছেন না মুগ্ধ শচীন

বুধবার প্রথমবার আইপিএলের প্লেঅফে খেলতে নেমেছে বৈভব। সেই ম্যাচেই ২৯ বলে ৯৭ রানের অবিশ্বাস্য ইনিংস এসেছে তার ব্যাট থেকে। এহেন দুরন্ত ইনিংসে মুগ্ধ শচীন পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০২৬, ০০:০০

options
link
গেইলের রেকর্ড ভাঙল বৈভব ঝড়ে, ‘বস বেবি’র থেকে নজর ঘোরাতে পারছেন না মুগ্ধ শচীন
মাত্র ১৫ বছর বয়সে বৈভব সূর্যবংশীর ব্যাটিং দেখে চোখ সরাতে পারছেন না স্বয়ং শচীন তেণ্ডুলকরও।

তিনি ক্রিকেটের ঈশ্বর। কিন্তু মাত্র ১৫ বছর বয়সে বৈভব সূর্যবংশীর ব্যাটিং দেখে চোখ সরাতে পারছেন না স্বয়ং শচীন তেণ্ডুলকরও। বুধবার প্রথমবার আইপিএলের প্লেঅফে খেলতে নেমেছে বৈভব। সেই ম্যাচেই ২৯ বলে ৯৭ রানের অবিশ্বাস্য ইনিংস এসেছে তার ব্যাট থেকে। এহেন দুরন্ত ইনিংসে মুগ্ধ শচীন পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। বৈভব ম্যাজিকে মুগ্ধ যুবরাজ সিং-মহম্মদ কাইফরাও।

Advertisement

প্লেঅফ বলে আলাদা করে কোনও চাপ অনুভব করেনি ১৫ বছর বয়সি বৈভব। পাওয়ার প্লে’র শেষে স্কোরবোর্ডে দেখা গেল, ২০ বলে ৬০ রান হাঁকিয়ে ফেলেছে বৈভব। তার মধ্যে প্যাট কামিন্সের এক ওভার থেকেই এসেছে ২৫ রান। পাওয়ারপ্লে শেষ হলেও বৈভবের তাণ্ডব থামেনি। অষ্টম ওভারে সেঞ্চুরির একেবারে দোরগোড়ায় পৌঁছে যায় বৈভব। প্রফুল্ল হিঞ্জের ওভারে ২৬ রান তুলে নেয়। একটা বাউন্ডারি মারলেই সেঞ্চুরি। ২৯ বলে শতরান পূরণ করার হাতছানি। কিন্তু ছক্কা মারতে গিয়ে আউট হয়ে যায় তরুণ তুর্কি।

Advertisement

১২ ছক্কা আর ৫ বাউন্ডারিতে সাজানো ইনিংস দেখে এক্স হ্যান্ডেলে শচীন লেখেন, ‘বৈভবের ব্যাট সুইং অসাধারণ। ওর পা লক্ষ্য করে বল করলেও যেভাবে ফ্রন্টফুট থেকে জায়গা তৈরি করে শট মারে-এককথায় অনবদ্য। সেই স্বাধীনতাটাই ওকে নিজের মতো করে খেলার সুযোগ করে দেয়। এই ইনিংস থেকে কিছুতেই চোখ সরানো যায় না।’ বুধবার ক্রিস গেইলের একটা রেকর্ড ভেঙেছেন বৈভব। আইপিএলের এক মরশুমে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর নজির ছিল ইউনিভার্স বসের। ২০১২ সালে ৫৯টি ছক্কা মেরেছিলেন তিনি।

Advertisement

চলতি মরশুমে বৈভব মেরেছেন ৬১টি ছক্কা। আরও ছক্কা হাঁকাতে পারেন তিনি। তরুণ তুর্কির এহেন পারফরম্যান্স দেখে যুবির প্রতিক্রিয়া, ‘ইউনিভার্স বসের রেকর্ড ভেঙে দিয়েছে বস বেবি। এই বাচ্চাটা অবিশ্বাস্য।’ মহম্মদ কাইফের কথায়, বৈভব একটা মিরাকল। এত কীর্তি গড়েও বৈভব নিজে অবশ্য একেবারে শান্ত। বলছেন, সবটা খুব সাধারণভাবে দেখতে চায় সে। দলের হয়ে রান করা আর ট্রফি জেতা, আপাতত এর বেশি কিছু ভাবতে চায় না সে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.