‘সংবাদ প্রতিদিন’-এর খবরে সিলমোহর! ২১ জুন ‘সংবাদ প্রতিদিন’-এর ডিজিটালে প্রকাশিত হয়েছিল ‘বিরাটদের আরসিবি কিনতে চায় ইউনাইটেড খ্যাত গ্লেজার পরিবার’ শীর্ষক খবর। এর ঠিক আট মাসের মাথায় বিসিসিআইয়ের এক সূত্র বলছে, সত্যি সত্যিই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কেনার দৌড়ে নেমে পড়েছে ইউনাইটেড খ্যাত গ্লেজার পরিবার।
আরও পড়ুন:
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দিনেই বিবিধ ফ্র্যাঞ্চাইজির মালিকানাকে কেন্দ্র করে এমন খবরে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। জানা গিয়েছে, বিরাট কোহলি, স্মৃতি মন্ধানাদের আরসিবি কিনতে আগ্রহী ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্যতম কর্ণধার আব্রাম গ্লেজার। তিনি ইতিমধ্যেই ১.৮ বিলিয়ন পাউন্ডের (ভারতীয় মুদ্রায় প্রায় ১৬,৩০০ কোটি টাকা) একটি দর প্রস্তাব জমা দিয়েছেন। মালিকানা বদলের প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত এবং আলোড়ন সৃষ্টিকারী দলটার নাম আরসিবি। আঠারো বছরের দীর্ঘ অপেক্ষার পর প্রথম আইপিএল ট্রফির অমৃতস্বাদ এবারই পেয়েছে যারা। ২০২৪ ও ২০২৬ সালে মেয়েদের আইপিএলও জিতেছে তারা।
গোটা দুনিয়া একডাকে চেনে এহেন গ্লেজার পরিবারকে। তাদের মূল ব্যবসা ল্যান্সার ক্যাপিটাল। সেই নামেই দরপত্র দেওয়া হয়েছে। দরপত্রগুলির মধ্যে তাদের দামই সর্বোচ্চ বলে জানা যাচ্ছে। কোনও ব্যক্তি বা সংস্থার সঙ্গে জোট না করে আরসিবি কেনার জন্য দর প্রস্তাব জমা দিয়েছে তারা। অর্থাৎ একক মালিকানা পেতে আগ্রহী তারা। সেই কারণেই তাদের সম্ভাবনাই যে বেশি, সেকথা বলে দেওয়া যায়। তাছাড়াও ওয়াকিবহাল মহল মনে করেছে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা তাদের পক্ষে যেতে পারে।
সংযুক্ত আরব আমিরশাহীর টি-টোয়েন্টি ডেজার্ট ভাইপার-এর মালিকও আব্রাম গ্লেজার। তারা ছাড়াও দু’একটা নাম আরও শোনা যাচ্ছে, যারা আরসিবি কিনতে আগ্রহী। যেমন মাহিন্দ্রা গ্রুপ। যেমন কোটাক গ্রুপ, হোমবেল ফিল্মস। কেপ্রি গ্লোবাল নামের এক প্রাইভেট ইকুইটি ফার্মের নাম শোনা গিয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি হয়েছে গ্লেজার পরিবারের আগ্রহ নিয়ে। স্বয়ং আব্রাম গ্লেজার নিজে ইচ্ছুক। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সিংহভাগ মালিকানা এখনও যাঁদের দখলে। ক্রিকেট ভক্তরা মনে করছেন, যদি গ্লেজাররা শেষ পর্যন্ত আরসিবি কিনে নেন, তাতে বিশ্বপর্যায়ে আরসিবির নাম-যশ-খ্যাতি সবই আকাশচুম্বী হয়ে যাবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জল কমতেই শুরু ব্রিজের রক্ষণাবেক্ষণ, কত দিন সম্পূর্ণ বন্ধ থাকবে দুধিয়া সেতু?
-
‘খুব কষ্ট হচ্ছে মা, বাড়ি নিয়ে যাও’, মায়ের কাছে আর্তি বাংলাদেশের মাদ্রাসায় ‘ধর্ষিত’ নাবালকের
-
যেচে আলাপ যেন উপদ্রব, বিশ্বজুড়ে ভয়ংকরভাবে বাড়ছে একাকীত্ব
-
অবসর সর্বজনীনের পুজো মণ্ডপ যেন শিল্পীর ক্যানভাস, বিস্মৃতপ্রায় শিল্পী শানু লাহিড়ীর শিল্পভাবনা ফুটে উঠবে মণ্ডপসজ্জায়
-
পুজোয় টইটই আরও সহজ! উৎসবের মরশুমে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল