আইপিএলের সফলতম দল হয়েও সাম্প্রতিক অতীতে চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স হতাশাজনক। ট্রফি জেতা তো দূর প্লেঅফ পর্যন্তও পৌঁছতে পারছিলেন না মহেন্দ্র সিং ধোনিরা। দলের এই অন্ধকার কাটাতে এবার সিএসকের হাল ধরতে চলেছেন জাহির খান (Zaheer Khan)। সোমবার ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে ঘোষণা করা হল, এবার চেন্নাই সুপার কিংসের হেডকোচ (CSK Coach) হচ্ছেন প্রাক্তন তারকা পেসার।
২০০৯ সাল থেকে চেন্নাই সুপার কিংসের কোচ ছিলেন স্টিফেন ফ্লেমিং। তাঁর আমলে সোনালি সাফল্য পেয়েছে ইয়েলো আর্মি। সুরেশ রায়না-বদ্রীনাথ থেকে শুরু করে রুতুরাজ গায়কোয়াড়-দীপক চাহার, সকলেই আইপিএল জয়ের স্বাদ পেয়েছেন ফ্লেমিংয়ের কোচিংয়ে। সবমিলিয়ে চেন্নাইকে পাঁচটি আইপিএল দিয়েছেন কোচ ফ্লেমিং। কিন্তু গত তিন মরশুম টানা ব্যর্থ হয়েছে সিএসকে। একবারও প্লে অফে উঠতে পারেনি দল। পরিসংখ্যান অনুযায়ী, আইপিএলের ইতিহাসে টানা তিনবার প্লে অফে উঠতে না পারার লজ্জা কখনও ভোগ করতে হয়নি চেন্নাইকে।
২০২৬ সালের আইপিএল শেষ হতেই সিএসকের দায়িত্ব ছাড়েন ফ্লেমিং। ইংল্যান্ডের কোচ হয়ে যান। তারপর থেকেই চর্চা ছিল, আইপিএলের তারকাখচিত দল সামলানোর দায়িত্ব নেবেন কে? সূত্র মারফত শোনা যায়, ধোনিই চেয়েছিলেন কোনও ভারতীয়কে কোচ করা হোক। যদিও সিএসকে ম্যানেজমেন্ট বিদেশি কোচের দিকে ঝুঁকেছিল। শেষ পর্যন্ত সিলমোহর পড়ল ধোনির পছন্দেই। যে জাহিরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে বিশ্বকাপ জিতেছিলেন ক্যাপ্টেন কুল, সেই জাহির খানই এবার সামলাবেন মাহির দলকে।
জাহির ২০১৭ পর্যন্ত খেলেছেন আইপিএলে। তারপর ২০১৮ থেকে ২০২২-এই চার বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০২৪ সালে জাহিরকে মেন্টর করে লখনউ সুপার জায়ান্টস। কিন্তু একবছরের মধ্যেই তাঁকে ছেঁটে ফেলে সঞ্জীব গোয়েঙ্কার ম্যানেজমেন্ট। সেভাবে কোচিংয়ের অভিজ্ঞতা না থাকা জাহিরের কোচিং জীবনে সিএসকের দায়িত্ব পাওয়াটাই সবচেয়ে বড় হতে পারে। এবার কি অধরা ট্রফি আসবে সিএসকের শিবিরে? ধোনির আস্থার মর্যাদা দিয়ে সাফল্য এনে দিতে পারবেন জাহির?
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের