স্টাফ রিপোর্টার: কলকাতা লিগ শেষ হবে কবে? এই প্রশ্নের উত্তর মিলল না মঙ্গলবারও। চ্যাম্পিয়নশিপের এখনও ইস্টবেঙ্গল, ডায়মন্ডহারবার এফসি, ভবানীপুর ও মহামেডানের খেলা বাকি রয়েছে। সেই বাকি ম্যাচগুলো এবার আয়োজন করতে চায় আইএফএ।
মঙ্গলবার আইএফএ এই চার ক্লাবকে বৈঠকে ডাকে। চার ক্লাবের সঙ্গে কথা বলার পর বাকি ম্যাচের সূচি তৈরি করার পরিকল্পনা করেছে বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা। এখনও লিগ জয়ের দৌড়ে সমানভাবে রয়েছে ইস্টবেঙ্গল ও ডায়মন্ডহারবার এফসি। সন্তোষ ট্রফির প্রাথমিক রাউন্ডের খেলা থাকার জন্য গত কয়েক সপ্তাহে ঘরোয়া লিগের খেলা দেয়নি রাজ্য ফুটবল সংস্থা। সন্তোষের প্রাথমিক পর্বের খেলা হয়ে যাওয়ার পর লিগ শেষ করার জন্য এই বৈঠক ডাকে তারা।
মঙ্গলবার আইএফএ-তে যে চার ক্লাবকে ডাকা হয়েছিল তাদের মধ্যে ভবানীপুর চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিল তারা আর লিগের বাকি ম্যাচ খেলতে চায় না। বাকি তিন ক্লাব ইস্টবেঙ্গল, মহামেডান, ডায়মন্ডহারবারের কর্তারা আইএফএ কর্তাদের মৌখিকভাবে জানান, তারা সন্তোষ ট্রফি শেষ হলে কলকাতা লিগ খেলতে রাজি। আইএফএ সচিব অনির্বাণ দত্ত তাদের তখন জানান, সন্তোষ ট্রফি শেষ হলে অনেক দেরি হয়ে যাবে। আগামী সাত দিন পরে লিগের বাকি ম্যাচ খেলতে অনুরোধ করা হয় ক্লাবগুলোকে। তিন ক্লাবকে সিদ্ধান্ত নেওয়ার জন্য একদিন সময় দিয়েছে আইএফএ। তবে যা পরিস্থিতি এখনই কলকাতা লিগের জট কাটবে বলে মনে হয় না।
দীর্ঘদিন পর ফের লিগ শুরু করতে যথেষ্টই বেগ পেতে হতে পারে আইএফএ-কে। ইতিমধ্যেই কোচ কিবু ভিকুনা ডায়মন্ডহারবার ফুটবলারদের ছুটি দিয়ে দেশে ফিরে গিয়েছেন। তিনি ফিরবেন আগামী মাসের প্রথম সপ্তাহে। তাদের একাধিক ফুটবলার আবার রয়েছেন সন্তোষ ট্রফির বিভিন্ন রাজ্য দলে। লিগের ম্যাচ খেলার আগে এক সপ্তাহ অনুশীলনের সময় চাইবে তারা।
সর্বশেষ খবর
-
ভোরবেলা মোদিকে ফোন করতে চান ট্রাম্প! ‘বন্ধুরা এরকমই’, মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের
-
এসআইআর ইস্যুতে প্রধান বিচারপতিকে চিঠি ইন্ডিয়ার, সই করল ‘দলছুট’ আপ-ডিএমকেও
-
প্রেমের টানে ধর্মান্তর, দাড়ি কেটে ইসলাম ছেড়ে হিন্দু হলেন উত্তরপ্রদেশের যুবক, গ্রেপ্তার প্রেমিকা
-
‘সুরক্ষা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব’, ডিম ছোড়া বন্ধে রাজ্যকে গাইডলাইন তৈরির নির্দেশ আদালতের
-
আরবানায় থাকার যোগ্যতা থেকে ফুটপাথের মেয়েকে অসম্মান, রচনার ‘কুবচনে’ ফুঁসছেন ঋদ্ধি- ঋত্বিক-শ্রীলেখারা