Rafael Leao

‘মেয়েগুলো ফুটবল বোঝে না’, নারীবিদ্বেষী মন্তব্য করে বিতর্কে রোনাল্ডোর সতীর্থ

সোশাল মিডিয়ায় কখনও মহিলাদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, অফসাইডের নিয়ম জানো? কখনও বা ফুটবলের অতীত রেকর্ড নিয়ে রীতিমতো জেরা করা হয় মহিলাদের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৬, ২১:১৮

options
link
‘মেয়েগুলো ফুটবল বোঝে না’, নারীবিদ্বেষী মন্তব্য করে বিতর্কে রোনাল্ডোর সতীর্থ
তীব্র নারীবিদ্বেষী মন্তব্য করলেন পর্তুগিজ ফুটবলার রাফায়েল লিয়াও।

মেয়েরা ফুটবল বোঝে না! তীব্র নারীবিদ্বেষী মন্তব্য করলেন পর্তুগিজ ফুটবলার রাফায়েল লিয়াও (Rafael Leao)। সদ্যসমাপ্ত বিশ্বকাপে বারবার এহেন নারীবিদ্বেষী আক্রমণের শিকার হতে হয়েছে মহিলা ফুটবলপ্রেমীদের। সোশাল মিডিয়ায় কখনও মহিলাদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, অফসাইডের নিয়ম জানো? কখনও বা ফুটবলের অতীত রেকর্ড নিয়ে রীতিমতো জেরা করা হয় মহিলাদের। কিন্তু বিশ্বকাপ খেলা তারকার মুখে এহেন নারীবিদ্বেষী মন্তব্য একেবারে নজিরবিহীন।

Advertisement

বিশ্বকাপে পর্তুগাল একেবারেই প্রত্যাশামতো খেলতে পারেনি। গ্রুপ পর্বে কঙ্গো, কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করার পর কোনওমতে নকআউট পর্বে জায়গা করে নেয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। রাউন্ড অফ ৩২তে রেফারিং বিতর্কের মাঝেই ক্রোয়েশিয়াকে হারায় পর্তুগাল। কিন্তু প্রি-কোয়ার্টারে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে চোখের জলে বিদায় নেন রোনাল্ডোরা। সেরকম নজরকাড়া পারফরম্যান্স করতে পারেননি লিয়াও নিজেও। পাঁচ ম্যাচে মাত্র একটি গোল করেছেন।

Advertisement

রবিবার বিশ্বকাপ শেষ হয়েছে। তারপরই বেফাঁস মন্তব্য রাফায়েলের। ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে লেখেন, ‘মেয়েরা, বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছ। ফুটবলটা তোমরা বোঝো, এই অভিনয়টা আর চালিয়ে যাওয়ার দরকার নেই।’ অর্থাৎ পর্তুগিজ তারকার মতে, মহিলারা ফুটবল দেখলেও আসলে খেলাটা নিয়ে তাঁরা কিছুই বোঝেন না। লিয়াওয়ের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। শেষ পর্যন্ত সাফাই দিতে গিয়ে স্টোরি মুছে দেন পর্তুগিজ ফুটবলার। দাবি করেন, তাঁর ইনস্টাগ্রামকে অত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।

Advertisement

উল্লেখ্য, বিশ্বকাপের পর বিতর্কে জড়িয়েছেন রোনাল্ডো নিজেও। আসলে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে একপেশে ভাবে হেরেছে আর্জেন্টিনা। তবে মেসিরা আদৌ ফাইনালে উঠতে পারত কি না, সেই প্রশ্ন তুলেছেন অনেকে। আর্জেন্টিনা নাকি রেফারির থেকে বাড়তি সুবিধা পেয়েছে, রয়েছে এমন অভিযোগ। ইনস্টাগ্রামে এক স্প্যানিশ সাংবাদিক আর্জেন্টিনার প্রতি পক্ষপাতিত্ব নিয়ে একটি ভিডিও করেছেন। সেখানে অনেক লাইকের মধ্যে একটি লাইক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। নেটিজেনদের দাবি, ওই পোস্টে রোনাল্ডোর লাইক ছিল। যদিও পরে দেখা যায়, সেখানে রোনাল্ডোর লাইকটি নেই।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.