Brazil Football Team

মেসি কাণ্ড অতীত করে কলকাতা কাঁপাতে আসছে ব্রাজিল! কবে হবে প্রীতি ম্যাচ?

সবকিছু ঠিক থাকলে পুজোর মরশুমেই কলকাতার মাঠে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে দেখা যাবে ভিনিসিয়াস, নেইমারদের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০২৬, ১৪:১০

options
link
মেসি কাণ্ড অতীত করে কলকাতা কাঁপাতে আসছে ব্রাজিল! কবে হবে প্রীতি ম্যাচ?
টিম ব্রাজিল। ছবি সংগৃহীত।

২০১১ সালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে খেলতে দেখেছিল কলকাতা। লা আলবিসেলেস্তের প্রতিপক্ষ ছিল ভেনেজুয়েলা। ১৫ বছর পর ফের বড় চমক অপেক্ষা করছে কল্লোলিনীর ফুটবলপ্রেমীদের জন্য। এবার শহরে খেলতে আসতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সবকিছু ঠিক থাকলে মেসি কাণ্ড অতীত করে পুজোর মরশুমেই কলকাতার মাঠে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে দেখা যাবে ভিনিসিয়াস, নেইমারদের।

Advertisement

ইএসপিএন ব্রাজিলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের পর ব্রাজিল জাতীয় দলের প্রথম আন্তর্জাতিক সূচি প্রায় চূড়ান্ত করে ফেলেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। সূচি অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল (Brazil Football Team)। এছাড়া, অক্টোবরে ভারতে আরও একটি প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়ে আলোচনা চলছে। জানা গিয়েছে, সেই ম্যাচ কলকাতায় হওয়ার সম্ভাবনাই বেশি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বকাপের সময় ব্রাজিল ও ভারতের আয়োজকদের মধ্যে আলোচনা শুরু হয়। বিশ্বকাপে ভারতীয় সমর্থকদের কাছে দারুণ সাড়া পায় ব্রাজিল। সেই কারণেই এই উদ্যোগ। সূত্রের খবর, এই সফরের পরিকল্পনা ফিফার নতুন ‘সুপার ইন্টারন্যাশনাল উইন্ডো’র অংশ। এই নিয়মে জাতীয় দলগুলো ১৬ দিনের মধ্যে সর্বোচ্চ চারটি ম্যাচ খেলতে পারবে। যার মধ্যে প্রীতি ম্যাচ ও প্রতিযোগিতামূলক ম্যাচ, দুই-ই থাকবে। নতুন আন্তর্জাতিক ক্যালেন্ডারে মার্চ, জুন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে নির্দিষ্ট সময় রাখা হয়েছে।

Advertisement

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সাল থেকে ব্রাজিল ফুটবল ফেডারেশন দেশে আরও বেশি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজন করতে চায়। সেই পরিকল্পনার অংশ হিসাবে এমন শহরগুলিতে ব্রাজিল জাতীয় দলকে খেলানো হবে, যেখানে সাধারণত সেলেকাওয়ের ম্যাচ হয় না। উল্লেখ্য, ১৯৭৭ সালে ফুটবল কিংবদন্তি পেলে তাঁর ক্লাব নিউ ইয়র্ক কসমসের হয়ে কলকাতায় এসে মোহনবাগানের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে একটি প্রীতি ম্যাচ খেলেছিলেন। তবে ব্রাজিলের জাতীয় দল কখনও কলকাতায় খেলেনি। জল্পনা সত্যি হলে এমন ঐতিহাসিক মুহূর্ত কেউই মিস করতে চাইবেন না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.