Karn Sharma

‘টিম ইন্ডিয়ায় তো আর ডাক পাব না!’ চারবার আইপিএল জিতেও অভিমানে অবসর তারকা ক্রিকেটারের

ভারতের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন এই ক্রিকেটার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৬, ১৬:৪৬

options
link
‘টিম ইন্ডিয়ায় তো আর ডাক পাব না!’ চারবার আইপিএল জিতেও অভিমানে অবসর তারকা ক্রিকেটারের
মুম্বই দলের সঙ্গে কর্ণ শর্মা। ফাইল ছবি

ঝুলিতে চার-চারটে আইপিএল ট্রফি। যা বহু তারকার নেই। একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। ভারতের হয়ে খেলেছেন ৪টি আন্তর্জাতিক ম্যাচ। এবার সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন স্পিনার কর্ণ শর্মা। অবসরের কারণ হিসেবে ৩৮ বছর বয়সি স্পিনার বলেছেন, “টিম ইন্ডিয়ায় তো সুযোগ পাব না, আর খেলে কী লাভ?”

Advertisement

উত্তরপ্রদেশের স্পিনার ২০১৪ সালে ভারতের হয়ে খেলার সুযোগ পান। ভারতের জার্সিতে একটি টেস্ট, দু’টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন। উইকেট সংখ্যা ৫। তবে মূল সাফল্য ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে। ৯৭টা প্রথম শ্রেণির ম্যাচে ২৭০ উইকেট তুলেছেন। উত্তরপ্রদেশ ছাড়াও রেলওয়েজ, বিদর্ভ ও অন্ধ্রপ্রদেশের হয়ে খেলেছেন। এছাড়া আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। এর মধ্যে চারবার আইপিএল জিতেছেন। ২০১৬ থেকে ২০১৯-র মধ্যে টানা তিনবার আইপিএল জিতেছেন। তাও সেটা তিনটে আলাদা দলের হয়ে। উইকেট সংখ্যা ৮৩।

Advertisement

২০২৬-র আইপিএলের জন্য দল পাননি। বর্তমানে উত্তরপ্রদেশের টি-টোয়েন্টি লিগে খেলছেন। সেখানে ম্যাচের পর নিজের অবসরের বার্তা জানান তিনি। ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছেন। কর্ণ বলেছেন, “আমার স্টেশন এসে গিয়েছে। আমার বয়স এখন ৩৮। আর খেলে কী হবে? যত খেলব, তত নতুনদের জায়গা আটকে রাখব। ভারতীয় দল থেকে যখন আর ডাক আসবে না, তখন খেলার কোনও যুক্তি নেই। পরিবার ও বন্ধুদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, এটাই সঠিক সময়।”

Advertisement

তাঁর সংযোজন, “ঈশ্বর আমাকে সব কিছু দিয়েছেন। আমার স্বপ্ন ছিল ভারতের হয়ে তিন ফরম্যাটে খেলব। সেই স্বপ্নপূরণ হয়েছে। আমি বিসিসিআই-সহ যে দলগুলোর হয়ে খেলেছি, তাদের সব সংস্থার কাছে কৃতজ্ঞ। এরপর আমি কোচিং ও ক্রিকেটের অন্য দায়িত্ব পালন করব।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.