ISL

একতরফা সিদ্ধান্ত যেন না হয়! আইএসএলে ২১২৯ কোটির বিনিয়োগ প্রস্তাবের পরও ক্ষোভ ক্লাব জোটের

রবিবারই চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা ফেডারেশনের কার্যকরী সমিতির বৈঠকে। তবে তাতেও আপত্তি ক্লাবগুলির।

দুলাল দে
দুলাল দে

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৬, ১৫:১৩

options
link
একতরফা সিদ্ধান্ত যেন না হয়! আইএসএলে ২১২৯ কোটির বিনিয়োগ প্রস্তাবের পরও ক্ষোভ ক্লাব জোটের
ফাইল ছবি

কুড়ি বছরের জন্য বিশাল অঙ্কের প্রস্তাব। ২০ বছরে সব মিলিয়ে ২১২৯ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব। এই মুহূর্তে দাঁড়িয়ে যা একপ্রকার অবিশ্বাস্য মনে হচ্ছে। তবু চোখ বন্ধ করে এই প্রস্তাবে সায় দিতে নারাজ আইএসএলের (ISL) ক্লাবগুলি। গোটা বিডিং প্রক্রিয়ায় ফেডারেশনের ভূমিকায় ক্ষুব্ধ আইএসএলের ক্লাব জোট। তারা বলছে, তাঁদের সঙ্গে আলোচনা না করে যেন চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হয়।

Advertisement

ক্লাব জোটের অভিযোগ, গোটা বিডিং প্রক্রিয়ার শুরুতে তাদের কিছু জানানোই হয়নি। বিড পেপার খোলার মাত্র ১২ ঘণ্টা আগে তাঁরা কাগজপত্র হাতে পেয়েছে। যে দুই সংস্থা বিড করেছে তাদের সঙ্গে আলোচনা চাই ক্লাবগুলি। ক্লাব জোটের তরফে ফেডারেশনকে চিঠি দিয়ে বলা হয়েছে, এটা যেহেতু ভারতীয় ফুটবলের সুদূরপ্রসারী ভবিষ্যতের প্রশ্ন, তাই একতরফে সিদ্ধান্ত নিতে পারে না ফেডারেশন। যে দুই সংস্থা বিড করেছে, তাঁদের আলাদা করে ক্লাবগুলির সামনে প্রেজেন্টেশন দিতে বলা হোক। তারপর সবদিক ভেবে ক্লাবগুলি নিজেদের সিদ্ধান্ত জানাবে।

Advertisement

আগামী ১৫-২০ মরশুম কারা ফেডারেশনের থেকে ছিনিয়ে নেবে ক্লাব ফুটবলের কমার্শিয়াল রাইটস, তা জানার জন্য অপেক্ষা ছিল শুক্রবার বিকেল পর্যন্ত। শুক্রবার বিড খুললে দেখা যায়, ফ্যানকোডের বার্ষিক ৩৬ কোটি টাকার প্রস্তাবকে টেক্কা দিয়ে ফেডারেশনের থেকে ক্লাব ফুটবলের কমার্শিয়াল রাইটস নিতে অনেকটাই এগিয়ে জিনিয়াস স্পোর্টস। তাদের প্রস্তাব কুড়ি বছরে ২১২৯ কোটি টাকা। দুই সংস্থাই প্রস্তাব দিয়েছে বার্ষিক পাঁচ শতাংশ অর্থ বৃদ্ধির। যদিও এখনই সরকারিভাবে ঘোষণা করতে পারবেন না ফেডারেশন কর্তারা। রবিবার ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠক। সেই বৈঠকে প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করে পাশ করিয়ে নেওয়া হবে। তবে জলের মতো পরিষ্কার, এমন পরিস্থিতিতে জিনিয়াস স্পোর্টসকে বেছে নেওয়া স্রেফ সময়ের অপেক্ষা।

Advertisement

প্রস্তাবে রয়েছে প্রথম দিকে বার্ষিক ৬৫ কোটি টাকা করে লগ্নি করবে সংস্থাটি। সেটা ২০ বছরে গিয়ে ২,১২৯ কোটি টাকায় গিয়ে দাঁড়াবে। এই অর্থ থেকে ক্লাবগুলোকেও শেয়ার দেওয়া হবে বলে জানা গিয়েছে। এফএসডিএল সরে যাওয়ার পর ভারতীয় ফুটবলে এই মরশুমের লগ্নি নিয়ে বেশ বিপাকেই পড়তে হয়েছে ফেডারেশনকে। শেষ পর্যন্ত ফ্যানকোড সেই স্বত্ব পাওয়ার পর আপাতত আইএসএল আয়োজন হচ্ছে। জিনিয়াস স্পোর্টসের পাশাপাশি আরেকটি সংস্থা ক্যাপ্রি স্পোর্টস আইডব্লুএল ও আইডব্লুএল ২-এর জন্য বিড জমা করেছে। দীর্ঘমেয়াদী ১৫ মরশুমের জন্য তাদের অঙ্ক ১৫০ কোটি টাকা। এখানেও প্রতি বছর পাঁচ শতাংশ করে টাকা বৃদ্ধি করা হবে। এদিন বিড ওপেন করার পর ফেডারেশন কর্তারা ক্লাবগুলির প্রতিনিধিদের সঙ্গেও অনলাইনে কথা বলেন। তাঁরাও আলোচনার জন্য সময় চেয়েছেন বলে জানা গিয়েছে। তবে ফেডারেশনের প্রস্তাবে ক্লাবগুলি খুশি হতে পারেনি। শনিবার ক্লাবগুলো নিজেদের মধ্যে এই প্রস্তাব নিয়েই বৈঠকে বসতে চলেছে।

রবিবারই চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা ফেডারেশনের কার্যকরী সমিতির বৈঠকে। তবে তাতেও আপত্তি ক্লাবগুলির। তাঁরা বলছে, রবিবার যেন চূড়ান্ত কোনও সিদ্ধান্ত না নেওয়া হয়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.