স্টাফ রিপোর্টার: সাহসী পদক্ষেপ নিলেন জাতীয় ফুটবল দলের কোচ স্টিফেন কনস্টানটাইন। আসন্ন সাফ গেমসের জন্য সোমবার প্রাথমিক দল ঘোষণা করেন ভারতীয় কোচ। সেখানে ডাক পেয়েছেন গত বছর যুব বিশ্বকাপে খেলা চার ফুটবলার। যাঁদের মধ্যে রয়েছেন বাংলার রহিম আলি। বাকিরা হলেন, রাহুল কে পি, সুরেশ সিং ওয়াংঝাম ও প্রভসুখন সিং গিল।
সেপ্টেম্বরের ৬ থেকে ১৫ বাংলাদেশে বসছে সাফ ফুটবলের আসর। সেখানে গতবারের চ্যাম্পিয়ন ভারত রয়েছে গ্রুপ বি-তে। প্রাথমিক পর্যায়ে তারা খেলবে শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে। সিনিয়র দলের বড় অ্যাসাইনমেন্ট আগামী বছরের জানুয়ারি মাসে। এএফসি এশিয়ান কাপের গ্রুপ এ-তে ভারত আছে আয়োজক সংযুক্ত আরব আমরশাহী, থাইল্যান্ড ও বাহরিনের সঙ্গে। তার আগে সিনিয়র দলের সাপ্লাই লাইন আরও মজবুত করতে সাফ কাপকে কাজে লাগাতে চাইছেন জাতীয় কোচ। সাফের জন্য ৩৪ জনের যে প্রাথমিক দল ঘোষণা করেন স্টিফেন কনস্টানটাইন, তা দেখে অনেকেই কোনও জুনিয়র দল ভেবে গুলিয়ে ফেলেছিলেন। আসলে সেই তালিকায় সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং থেকে প্রীতম কোটাল, উদান্ত সিং – কেউ নেই। দলে ২৩ বছরের বেশি বয়সি ফুটবলার বলতে শুধু সুমিত পাসি। এছাড়া চেনা মুখ বলতে সার্থক গোলুই, সালাম রঞ্জন সিং, নিখিল পুজারির মতো হাতে গোনা কয়েকজন। কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত? স্টিফেন বলছিলেন, “আমি সবসময় জুনিয়রদের তুলে আনার লক্ষ্য নিয়ে এগোই। শেষ কয়েকবছরে দেখুন দলে বেশিরভাগই নতুন মুখ। এভাবেই ধীরে ধীরে তাদের সিনিয়র দলের জন্য তৈরি করাচ্ছি।”
[জিততে হলে শুরুতেই চাই উইকেট, ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত]
ছেলের জাতীয় দলে সুযোগ পাওয়ার খবর বিকেল পর্যন্ত পৌঁছায়নি ইছাপুরের বাড়িতে। ফোনে তাঁর বাবা মহম্মদ রফিক কথাটি শুনে থমকে গেলেন। তখনও স্থানীয় পুরসভার হয়ে রাস্তায় আলো লাগানোর কাজ করছিলেন। প্রথমে বললেন, “কোন ক্লাবে ডাক পেয়েছে?” শুনে বললেন, “কী বলছেন? ও তো কিছু জানায়নি? তাহলে হয়তো প্র্যাকটিস করছে। রাতে বলবে। এক্ষুণি বাড়ি গিয়ে ওর মাকে খবরটা দিতে হবে। এবার যেন আমাদের স্বপ্নপূরণ হচ্ছে।”
সত্যিই প্র্যাকটিস থাকায় বাড়িতে খবর দিতে পারেননি রহিম। কিন্তু কিছুতেই কথা বলতে চাইলেন না। শুধু বললেন, “শুনেছি মিডিয়ার সঙ্গে কথা বললে স্যর (স্টিফেন) রাগ করেন। তাই আমি কিছু বলতে চাই না। কিছু মনে করবেন না।” বাংলাও তাই চায়। মুখে কিছু বলার দরকার নেই রহিমের। বরং তাঁর হয়ে কথা বলুক তাঁর পা। আইডল সুনীলের মতো হয়ে উঠুন তিনি।
[মোহনবাগান রত্নের জন্য সৃঞ্জয়ের প্রস্তাব খারিজ, বদলে গেল ক্লাবের সহ-সচিবই]
সর্বশেষ খবর
-
বিস্ফোরণেও এক চুল নড়বে না গাড়ি, ‘লাল ব্যানারে’ সুরক্ষিত জিনপিং, নিরাপত্তায় ১৫ হাজার জওয়ান
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে এবার কমল কোটি টাকার মদ বিক্রি! মাথায় হাত ব্যবসায়ীদের
-
ব্রাজিল ম্যাচের পরের দিনই বিশেষ সভা, ঘোষণা হবে ফেডারেশনের নির্বাচনের দিন?
-
পুজোর আগেই বাড়ছে মদের দাম, কবে থেকে কার্যকর হবে নতুন মূল্য?
-
আপের সঙ্গে আঁতাঁত! এবার বিজেপির সুরে ককরোচ পার্টিকে বিঁধল কংগ্রেসও