ভারতীয় ফুটবলের সমস্যা যেন কিছুতেই মিটছে না। গত মরশুমেও দেরিতে শুরু হয়েছিল আইএসএল। তাই বাধ্য হয়ে ছোট করতে হয়েছিল প্রতিযোগিতা। হোম-অ্যাওয়ে পদ্ধতির বদলে প্রত্যেক দল একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলেছিল। এবারও কি ফিরতে চলেছে সেই ছবি?
আরও পড়ুন:
সূত্রের খবর, আইএসএলের (ISL) আগামী মরশুম ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেই সূচি এখন বদলাতে পারে। নতুন খবর, ১৫ অক্টোবরের আগে প্রতিযোগিতা শুরু হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ, প্রায় দেড় মাস পিছিয়ে যেতে পারে আইএসএল। প্রশ্ন হল, কেন এত পিছিয়ে যাচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ? এর পিছনে অন্যতম কারণ ভারত-ব্রাজিল ম্যাচ। ৩ অক্টোবর সেই মেগা ম্যাচ।
জানা যাচ্ছে, এই ম্যাচের পরেই আইএসএল শুরু করার পরিকল্পনা রয়েছে। তার আগে লিগ শুরু করার সম্ভাবনা নেই। আইএসএলের এক সূত্র মতে, “নতুন আইএসএল মরশুম সেপ্টেম্বরে শুরু হবে না। আশা করা যায়, ব্রাজিল ম্যাচের পর শুরু হবে।” অর্থাৎ প্রতিযোগিতা যদি সত্যিই অক্টোবরের মাঝামাঝি শুরু হয়, তাহলে পুরো মরশুম নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। কেবল সূচি নয়, আইএসএলের সম্প্রচার নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। আগামী মরশুমের খেলা সরাসরি সম্প্রচার করবে কে, এখনও তা চূড়ান্ত হয়নি। একমাত্র ফ্যানকোড জানিয়েছে, তারা আইএসএলের ম্যাচ দেখাবে। তবে তা অ্যাপের মাধ্যমে। টেলিভিশনের পর্দায় কোন সংস্থা খেলা দেখাবে, এখনও তার উত্তর এখনও মেলেনি।
শুরুতে সোনি স্পোর্টস আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত তারা দরপত্র জমা দেয়নি। ফিফা বিশ্বকাপের সম্প্রচারকারী জি নেটওয়ার্কও আইএসএল দেখাতে রাজি হয়নি। ১২ আগস্ট ছিল বিড জমা দেওয়ার শেষ দিন। কিন্তু তাতেও পরিস্থিতির কোনও সুরাহা হয়নি। এই অবস্থায় সম্প্রচার-জট কাটাতে কার্যত অথৈ জলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ক্লাবগুলি এবং আইএসএলের গভর্নিং কাউন্সিল নিজেদের মধ্যে আলোচনা চালাচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও সংস্থাকে টেলিভিশন সম্প্রচারের জন্য রাজি করানো যায়নি। ফলে প্রশ্ন একটাই, গতবারের মতো এবারও কি দেরিতে শুরু হয়ে ছাঁটাই করতে হবে আইএসএল? নাকি শেষ মুহূর্তে কোনও সমাধানসূত্র বের করে পুরো প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হবে?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের