West Bengal Assembly Election

কাউন্টিং অফিসার তৃণমূল প্রার্থীর অনুগামী! কমিশনের দ্বারস্থ বিজেপির লক্ষ্মণ ঘড়ুই

দুর্গাপুর পশ্চিমের রিটার্নিং অফিসার এই সংক্রান্ত অভিযোগ পাওয়ার পরেই তা দুর্গাপুর নগরনিগমের কমিশনারের কাছে পাঠিয়েছেন।

Advertisement
সুদীপ বন্দ্যোপাধ্যায়
সুদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ১৯:২২

options
link
কাউন্টিং অফিসার তৃণমূল প্রার্থীর অনুগামী! কমিশনের দ্বারস্থ বিজেপির লক্ষ্মণ ঘড়ুই
বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘড়ুই।

কাউন্টিং অফিসার তৃণমূল প্রার্থীর অনুগামী, এই বিস্ফোরক অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘড়ুই। এই নিয়ে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) গণনার আগেই তোলপাড় দুর্গাপুর। যদিও এই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। দুর্গাপুর পশ্চিমের রিটার্নিং অফিসার এই সংক্রান্ত অভিযোগ পাওয়ার পরেই তা দুর্গাপুর নগরনিগমের কমিশনারের কাছে পাঠিয়েছেন।

Advertisement

দুর্গাপুর নগরনিগমের কর্মী বাবলু বিশি নির্বাচন কমিশনের কাউন্টিং অফিসারের দায়িত্ব পেয়েছেন। এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘড়ুইয়ের অভিযোগ, বাবলু তৃণমূলের সক্রিয় সমর্থক। দলীয় কর্মসূচিতেও তাঁকে দেখা গিয়েছে। শুধু তাই নয়, বিজেপির দাবি, দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী কবি দত্তের সমর্থনে বাবলু সামাজিক মাধ্যমে পোস্টও করেছেন। বিজেপি প্রার্থীর আশঙ্কা, এমন ব্যক্তি গণনার দায়িত্বে থাকলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। নির্বাচন কমিশনকে ইমেল করে বাবলু বিশিকে অবিলম্বে কাউন্টিং প্রক্রিয়া থেকে সরানোর দাবি জানিয়েছে লক্ষ্মণ ঘড়ুই।

Advertisement

বিজেপি প্রার্থীর হুঁশিয়ারি, দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে পারে বিজেপি। লক্ষ্মণ বলেন, “বাবলু বিশি তৃণমূলের ক্যাডার। তাঁকে দলের কর্মসূচিতে দেখা যায়। তিনি আবার দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্তের হয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করছেন। লিখছেন, উনি ভালো লোক। আবার তিনি কাউন্টিং অফিসারের প্রশিক্ষণ নিয়েছেন। সেই কারণে নির্বাচন কমিশনকে ইমেল করেছি। ওই ব্যক্তি কাউন্টিংয়ে থাকলে প্রভাবিত করার চেষ্টা করবেন। সেই জন্য তাঁকে সরিয়ে দেওয়ার দাবি করেছি। আর না হলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব।”

Advertisement

যদিও তৃণমূল এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, “কেউ তৃণমূলের সমর্থক হতেই পারেন। তিনি দলের ঝান্ডা নিয়ে ঘুরছেন বা স্লোগান দিচ্ছেন এরকম কোনও ছবি কি কেউ দেখাতে পারবেন? এইসব ভুলভাল অভিযোগ করে লাভ নেই। আমরাই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছি।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.