Rajnath Singh

‘বাংলা মাগে কমল ফুল’, বারাকপুরে প্রচারে এসে বঙ্কিম-আবেগে শান রাজনাথ সিংয়ের

মঙ্গলবার এখানকার ৬ কেন্দ্রের প্রার্থীর মনোনয়নে শামিল হন প্রতিরক্ষামন্ত্রী। বারাকপুর স্টেশন থেকে চিড়িয়ামোড় পর্যন্ত মিছিল করেন।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ১৫:১৫

options
link
‘বাংলা মাগে কমল ফুল’, বারাকপুরে প্রচারে এসে বঙ্কিম-আবেগে শান রাজনাথ সিংয়ের

ছাব্বিশের বঙ্গভোটে (West Bengal Assembly Election) বিজেপির হাতিয়ার বঙ্কিম-আবেগ। নরেন্দ্র মোদির ‘বঙ্কিমদা’ সম্বোধনের পর ড্যামেজ কন্ট্রোল করতে এবার নেমে পড়লেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। মঙ্গলবার বারাকপুরে ভোটপ্রচারে এসে তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দে মাতরম’ স্মরণ করে তাঁর বংশধর, বিজেপি প্রার্থীতে জেতানোর আহ্বান জানালেন। বাংলায় বললেন, ”অনেক হয়েছে জোড়া ঘাসফুল, বাংলা মাগে কমল ফুল।” এদিন বারাকপুর শিল্পাঞ্চলের ৬ বিজেপি প্রার্থী একসঙ্গে বারাকপুর প্রশাসনিক ভবনে মনোনয়ন পেশ করেন। তাঁদের সঙ্গে শামিল হতে এসেছিলেন প্রতিরক্ষামন্ত্রী। মনোনয়ন জমা দেওয়ার আগে প্রার্থীদের নিয়ে বারাকপুর স্টেশন থেকে চিড়িয়ামোড় পর্যন্ত মিছিল করেন।

Advertisement
বারাকপুর স্টেশন থেকে চিড়িয়ামোড় পর্যন্ত রাজনাথ সিংয়ের মিছিল। নিজস্ব ছবি

এবারের ভোটে নৈহাটি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়েছেন সুমিত্র চট্টোপাধ্যায়। তিনি সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর। নৈহাটিতে বঙ্কিমভবনে সংগ্রহশালা তৈরি-সহ একাধিক কাজে যুক্ত। এখানকার বাঙালি ভোট একত্রিত করার স্বার্থে বিজেপি এহেন ব্যক্তিত্বকে লড়াইয়ের ময়দানে এনেছেন, তা বুঝতে বাকি নেই কারও। এদিন রাজনাথ সিং বারাকপুরের সভা থেকে তাঁকে জেতানোর আহ্বান জানিয়ে বলেন, “বাংলার মাটিতে এলেই আমি গর্ব অনুভব করি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দে মাতরম’ শুধু বাংলাকে নয়, সমগ্র দেশকে স্বাধীনতার লড়াইয়ে প্রেরণা জুগিয়েছে। এই গান মানুষের মনে আত্মত্যাগের সাহস জাগিয়েছে, জাতিকে একসূত্রে বেঁধেছে। যখন একটি সভ্যতা নিজের শক্তি ভুলে যায়, তখন তাকে সেই শক্তির কথা স্মরণ করিয়ে দিতে হয়। ‘বন্দে মাতরম’ সেই কাজই করেছে। বঙ্কিমবাবু ভারতবাসীকে স্বরাজ ও স্বধর্মের মূল্য বুঝিয়েছেন, এক অভিন্ন আবেগে যুক্ত করেছেন। দীর্ঘদিন ‘বন্দে মাতরম’-এর প্রতি অবিচার হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ তার যথাযথ সম্মান ফিরেছে। আমাদের সংকল্প, বঙ্কিমচন্দ্রের বাড়িকে একটি বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। তাঁর বংশধরকে প্রার্থী করা হয়েছে। তাঁকে জেতানোর সুযোগ আজ আপনাদের সামনে।”

Advertisement

প্রচার ভাষণের মাঝে তিনি বাংলায় বলেন, “অনেক হয়েছে জোড়া ঘাসফুল, বাংলা মাগে কমল ফুল। জোড়া ঘাসফুল হবে ছারখার, দুর্নীতি থাকবে না আর।” প্রতিরক্ষামন্ত্রীর দাবি, “বাংলার মাটি ও বাংলার মানুষকে আমার প্রণাম জানাই। আপনাদের মধ্যে যে উন্মাদনা ও উৎসাহ দেখছি, তা থেকেই স্পষ্ট, এবার পশ্চিমবঙ্গের জনতা মনস্থির করে নিয়েছে, টিএমসি যাবে আর বিজেপি আসবে।” এবার বারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত নোয়াপাড়া ও ভাটপাড়ায় গেরুয়া শিবিরের প্রার্থী হয়েছেন ‘বাহুবলী’ অর্জুন সিং ও তাঁর ছেলে পবন সিং। তাঁদের জয় সন্দেহাতীত বলেই আত্মবিশ্বাসী বিজেপি। তবে এই পরিস্থিতিতে রাজনাথ সিংয়ের প্রচারে আসা নিয়ে মাথা ঘামাচ্ছে না তৃণমূল শিবির। নিজেদের প্রার্থীদের জয় নিয়ে তারাও কম নিশ্চিত নয়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.