Bengal Election 2026

‘জয় বাংলা’র পালটা ‘জয় শ্রীরাম’! মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে দিকে দিকে উত্তেজনা

দুর্গাপুর, দিনহাটা, বোলপুর, সিউড়ি সহ বিভিন্ন জায়গায় দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে স্লোগান, পালটা স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২৬, ১৫:০১

options
link
‘জয় বাংলা’র পালটা ‘জয় শ্রীরাম’! মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে দিকে দিকে উত্তেজনা
২ এপ্রিল। রাজ্যের বিভিন্ন এলাকায় মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে উত্তেজনা।

মনোনয়নপত্র দাখিলকে ঘিরে জেলায় জেলায় উত্তেজনা। বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে স্লোগান ও পালটা স্লোগানকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দুর্গাপুর, দিনহাটা, বোলপুর, সিউড়ি সহ বিভিন্ন জায়গায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

Advertisement

বুধবার প্রথমে দুর্গাপুর মহকুমাশাসকের দপ্তরে মনোনয়নপর্ব দাখিল করেন দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার, দুর্গাপুর পশ্চিমের প্রার্থী কবি দত্ত এবং রানিগঞ্জের প্রার্থী কালোবরণ মণ্ডল। এরপর দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় মহকুমাশাসকের দপ্তরে মনোনয়নপত্র দাখিল করতে যাওয়ার সময় তৃণমূল কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। পালটা বিজেপি কর্মী সমর্থকরা ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলেন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দলের সদস্যদের মধ্যে চরম বচসা হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ বাহিনী। থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দে’কে ঠেলে সরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Advertisement

দিনহাটা মহকুমাশাসক দপ্তরেও তৃণমূল ও বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন প্রথমে মনোনয়নপত্র জমা দেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। এর দশ মিনিট পরে বিজেপি প্রার্থী অজয় রায় মনোনয়ন জমা করতে আসেন। এই সময় দপ্তর চত্বরে থাকা তৃণমূল সমর্থকরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। পালটা বিজেপি কর্মী-সমর্থকরা ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

Advertisement

অন্যদিকে, বোলপুরে মহকুমাশাসকের দপ্তরের সামনেই তৃণমূল ও বিজেপির স্লোগান ও পালটা স্লোগানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বোলপুর বিধানসভার তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিনহা, লাভপুরের প্রার্থী অভিজিৎ সিনহা, নানুরের প্রার্থী বিধান চন্দ্র মাঝি মনোনয়ন জমা দিয়েছে। এই তিন বিধানসভা এলাকার বিজেপি প্রার্থীরাও এদিন মনোনয়ন জমা দেন। এর মাঝেই দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বোলপুরের পাশাপাশি সিউড়িতেও মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। চলে স্লোগান ও পালটা স্লোগান। পরিস্থিতি সামাল দিতে বিরাট পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.